ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

ভিসা-মাস্টারকার্ড বন্ধের সম্ভাবনা: যুক্তরাজ্য তৈরি করছে বিকল্প ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ২:১১ অপরাহ্ণ । ৫৪ জন

যুক্তরাজ্য ভিসা ও মাস্টারকার্ডের বিকল্পে একটি জাতীয় পেমেন্ট ব্যবস্থা গঠনের পরিকল্পনা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভবিষ্যতে রাজনৈতিক কারণে যুক্তরাষ্ট্রভিত্তিক পেমেন্ট নেটওয়ার্ক বন্ধ করতে পারেন, এমন আশঙ্কা থেকেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য বৈঠকে স্থানীয় ব্যাংকের প্রধান নির্বাহীরা অংশ নেবেন। বারক্লেসের যুক্তরাজ্য প্রধান নির্বাহী ভিম মারু বৈঠকে সভাপতিত্ব করবেন। বৈঠকে নতুন পেমেন্ট কোম্পানি গঠনের খরচ বহন করবে সিটি-অর্থায়িত একাধিক আর্থিক প্রতিষ্ঠান, যাতে জরুরি পরিস্থিতিতেও যুক্তরাজ্যের অর্থনীতি সচল থাকে।

যুক্তরাজ্যের পেমেন্ট সিস্টেমস রেগুলেটরের ২০২৫ সালের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রায় ৯৫ শতাংশ কার্ড লেনদেন ভিসা ও মাস্টারকার্ডের মাধ্যমে সম্পন্ন হয়। নগদ লেনদেন কমতে থাকায় এই নির্ভরতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এক জ্যেষ্ঠ ব্যাংক কর্মকর্তা বলেন, “যদি ভিসা ও মাস্টারকার্ড বন্ধ হয়ে যায়, তাহলে আমরা ১৯৫০-এর দশকে ফিরে যাবো। আমাদের অবশ্যই একটি সার্বভৌম পেমেন্ট ব্যবস্থা দরকার।”

নতুন এই পেমেন্ট কাঠামোর নাম রাখা হয়েছে ‘ডেলিভারিকো’ (DeliveryCo)। সিটি বিনিয়োগকারীরা এর আইনি কাঠামো, নেতৃত্ব পরিকল্পনা ও অর্থায়ন মডেল নির্ধারণ করবে। ব্যাংক অব ইংল্যান্ড প্রযুক্তিগত অবকাঠামোর নকশা তৈরি করে আগামী বছর হস্তান্তর করবে। ধারণা করা হচ্ছে, নতুন পেমেন্ট ব্যবস্থা ২০৩০ সালের মধ্যে চালু হতে পারে।

ভিসা ও মাস্টারকার্ড উভয়ই জানিয়েছে, তারা যুক্তরাজ্যে প্রতিযোগিতাকে স্বাগত জানায় এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে ইউকে ফিন্যান্স, ট্রেজারি ও ব্যাংক অব ইংল্যান্ড আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

সূত্র: দ্য গার্ডিয়ান