ঢাকারবিবার , ২৩ নভেম্বর ২০২৫

বৈশ্বিক উষ্ণতায় বিশ্বজুড়ে মৎস্য চাষিদের উদ্বেগ বাড়ছে : ফরিদা আখতার

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৩, ২০২৫ ১২:২০ অপরাহ্ণ । ১০৮ জন

বৈশ্বিক তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকায় সারা বিশ্বের মৎস্য চাষিদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে মাছের প্রজনন স্বাভাবিক থাকছে না, যা বিশ্বব্যাপী মাছ উৎপাদনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মৎস্য অনুষদ আয়োজিত “আন্তর্জাতিক মৎস্য সম্মেলন ও প্রদর্শনী–২০২৫” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, তিনি সম্প্রতি ব্রাজিলে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করেন। সেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা বৈশ্বিক উষ্ণতার কারণে মৎস্য প্রজনন ও উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। “এই পরিস্থিতি চলমান থাকলে মাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হবে, যা খাদ্য নিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ,”—বলেন ফরিদা আখতার।

তিনি বলেন, বাংলাদেশের মৎস্যচাষিরা ইতোমধ্যে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছেন। তাদের পরিশ্রমের ফলেই দেশে মাছের উৎপাদন বেড়েছে এবং সাধারণ মানুষ কম দামে মাছ কেনার সুযোগ পাচ্ছে। এ জন্য তিনি দেশের চাষিদের প্রতি কৃতজ্ঞতা জানান।

মাছ বাঙালির খাদ্যসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে উপদেষ্টা বলেন, “মাছ ছাড়া বাঙালির খাবারের পাতে পূর্ণতা আসে না।” তাই তিনি সংশ্লিষ্টদের আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে আরও বেশি মৎস্যচাষে মনোনিবেশ করার আহ্বান জানান।

তিনি বলেন, একসময় খাল, বিল ও নদীর ওপর নির্ভর করেই দেশের মাছের চাহিদা মেটানো হতো। এখন পরিবর্তিত পরিস্থিতিতে ঘরে ঘরে পুকুর ও ট্যাঙ্কে মাছ চাষ হচ্ছে। তাই চাষিদের আরও সহায়তা দিতে মাঠপর্যায়ের মৎস্য কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ।

সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সালেহ হাসান নকিব। এছাড়া উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাইন উদ্দিন, প্রো-ভাইস-চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. মো. ফরিদ উদ্দিন খান।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কৃষিবিদ মো. আমিনুল ইসলাম এবং বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এস কে কামরুল আলম।

অধিবেশনে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের ডিন ও সামিট আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান মণ্ডল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কমিটির সদস্য সচিব ড. অক্ষয় কুমার সরকার।