
ঢাকার দোহারে কোস্টগার্ডের বিশেষ অভিযানে প্রায় ৪১৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ আগস্ট) দুপুর ২টায় কোস্টগার্ড স্টেশন পাগলা এবং কম্পোজিট স্টেশন পদ্মা যৌথভাবে মেঘুলা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালে ৬টি স্টোরহাউস তল্লাশি করে ১০ হাজার অবৈধ চায়না দুয়ারি জাল এবং ১১ কোটি ৬৫ লাখ ৯২ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জালগুলোর আনুমানিক বাজারমূল্য ৪১৩ কোটি ৭ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।
পরবর্তীতে নির্বাহী মেজিস্ট্রেট ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাল জনসম্মুখে ধ্বংস করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”