ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. সর্বশেষ

কাপ্তাই লেক দেশের সম্পদ, এটাকে রক্ষা করতে হবে: মৎস্য উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ মে ২০২৫, ১০:৪৪ সকাল

Link Copied!

কাপ্তাই লেককে দেশের সম্পদ উল্লেখ করে তা রক্ষা করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘এই লেককে রক্ষা করতে হবে। এ জন্য সরকার যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করবে।’ সোমবার (১২ মে) সকালে কাপ্তাই হ্রদে পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) মৎস্য অবতরণ ঘাটে এটির আয়োজন করে।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘মাছ ধরার নিষিদ্ধ সময়ে কেউ যেন মাছ না ধরতে পারে, সে জন্য নজরদারি বাড়ানো হবে। কিছু অসাধু জেলে ও ব্যবসায়ীরা নিষিদ্ধ জাল ব্যবহার করে। সেটি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, বন্ধের সময় ভিজিএফের আওতায় চালের পরিমাণ ২০ কেজি থেকে বাড়িয়ে ৪০ কেজি করা হবে।’

মৎস্য উপদেষ্টা বলেন, কাপ্তাই লেকে এক সময় ৮৬ প্রজাতির নানা রকমের মাছ থাকলেও বর্তমানে তা কমে ৬৬ প্রজাতির মধ্যে চলে এসেছে। তাই মাছের উৎপাদন বৃদ্ধিতে মৎস্য ব্যবসায়ীসহ জেলেদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, কাপ্তাই হ্রদে যে সমস্ত পর্যটক ঘুরে বেড়ান তারা বিভিন্নভাবে হ্রদে দূষণ করেন। জেলা পরিষদ এবং জেলা প্রশাসন এ বিষয়ে উদ্যোগ নিলে ট্যুরিস্টদের সচেতন করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, কাপ্তাই লেকের মাধ্যমে হাজার হাজার জেলে পরিবার, সাধারণ ব্যবসায়ীসহ এর সঙ্গে সংশ্লিষ্ট অনেকে তাদের জীবিকা নির্বাহ করছে। কাপ্তাই লেকে মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি লেককে এমনভাবে গড়ে তুলতে হবে—যাতে এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী-জেলেসহ সকলের আর্থ-সামাজিক উন্নয়ন হয়।

তিনি আরও বলেন, কাপ্তাই হ্রদে উৎপাদিত মাছ দিয়ে ব্যবসা করলে হবে না; মাছের প্রজনন বৃদ্ধি কীভাবে বাড়ানো যায় সেটার জন্য কাজ করতে হবে। সেজন্য যদি মৎস্য উন্নয়ন করপোরেশন, মৎস্য গবেষণা ইনস্টিটিউট এবং মৎস্য অধিদপ্তর যৌথভাবে কাজ করে —তাহলে মানুষের উন্নতি এবং গবেষণা কাজ করা সহজ হবে।

উল্লেখ্য, প্রতিবছর কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবৃদ্ধির জন্য কাপ্তাই হ্রদে তিন মাস মৎস্য আহরণ বন্ধ থাকে। ২০২৪-২৫ অর্থবছরে কাপ্তাই হ্রদ থেকে প্রায় ৯ হাজার মেট্রিক টন মাছ আহরণ করে প্রায় ১৮ কোটি ৬০ লক্ষ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

এসময় তিনি বলেন, বিএফআরআই এর মূল কাজ হলো হারিয়ে যাওয়া মাছ পুনরুদ্ধারে কাজ করা। এক্ষেত্রে ইনস্টিটিউটের কর্মকর্তাদের আরও আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান সুরাইয়া আখতার জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. তোফাজ্জেল হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন, মৎস্যজীবী ব্যবসায়ীদের পক্ষে সভায় স্বাগত বক্তব্য দেন মৎস্য ব্যবসায়ী মাহফুজ উদ্দিন।

পরে উপদেষ্টা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নদী উপকেন্দ্র রাঙ্গামাটি পরিদর্শন এবং মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৩

ফরিদপুরে বাসের চাপায় ইউনিয়ন সচিব নিহত

ইলিশ রপ্তানির সক্ষমতা বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার তাগিদ মন্ত্রীর

দেশের ওষুধ খাত উন্নয়নে ২২ সদস্যের জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস

মাদারীপুরে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালকের মৃত্যু

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী নিহত: জমিয়ত সভাপতির শোক

আগামী ৫ দিনজুড়ে ঝড়সহ ভারী বর্ষণের আভাস

Call for science-based prevention to keep youth drug-free

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক প্রতিরোধের আহ্বান

প্রবাসীদের সমস্যার সমাধানে মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী