
দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় দফায় ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বুধবার (২৯ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা, যা আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী—
২১ ক্যারেট: ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা প্রতি ভরি
১৮ ক্যারেট: ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা প্রতি ভরি
সনাতন পদ্ধতি: ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা প্রতি ভরি
এর আগে ২৮ এপ্রিল সকালে একইভাবে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, তখনও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৫৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩২ বার বেড়েছে এবং ২৬ বার কমেছে। ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় হয়েছিল।
অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়। চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৩৬ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৯ বার বেড়েছে এবং ১৭ বার কমেছে।