ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬

১১ দিনে ঢাকা থেকে ৩৬৭ ফ্লাইট বাতিল, বিপাকে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১০, ২০২৬ ৪:০৮ অপরাহ্ণ । ২৫ জন

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ১১ দিনে মোট ৩৬৭টি ফ্লাইট বাতিল হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুর পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয়।

মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ—ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান—নিরাপত্তা পরিস্থিতির কারণে তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রেখেছে। এর প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলেও।

বেবিচকের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি,৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি এবং ১০ মার্চ দুপুর পর্যন্ত ৩২টি ফ্লাইট বাতিল হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বাতিল হওয়া ৩২টি ফ্লাইটের মধ্যে কুয়েত এয়ারওয়েজের দুটি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ) চারটি, গালফ এয়ার (বাহরাইন) চারটি, কাতার এয়ারওয়েজ চারটি, এমিরেটস (সংযুক্ত আরব আমিরাত) চারটি, জাজিরা এয়ারওয়েজ (কুয়েত) চারটি, ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) চারটি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তিনটি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের তিনটি ফ্লাইট রয়েছে।

ফ্লাইট বাতিল হওয়ায় মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ভোগান্তি বাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।