নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল আজিজ (৬০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার রাজ্জাক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজ পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আজিজ মোটরসাইকেলযোগে বনপাড়া থেকে নিজ বাড়ি ভাঙ্গুড়ায় ফিরছিলেন। পথে রাজ্জাক মোড় এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি বাসের চাকায় আটকে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত ছেঁচড়ে নিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


