
দেশের মানুষের মাছের চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত মাছ বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নগরীর বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের লেকে ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মৎস্য অধিদপ্তর-চট্টগ্রাম এ কর্মসূচির আয়োজন করে।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, মাছ মানুষের জন্য গুরুত্বপূর্ণ প্রাণিজ প্রোটিনের উৎস। মাছের তেলে থাকা উপাদানও মানবদেহের জন্য উপকারী। তাই মানুষের পুষ্টির চাহিদা পূরণে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রাকৃতিক উৎসগুলো সংরক্ষণ করা জরুরি।
তিনি বলেন, বাংলাদেশ নদী-নালা, খাল-বিল ও জলাশয়ে সমৃদ্ধ। বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক কারণে প্রতিবছর অনেক মাছের পোনা ও প্রাকৃতিক আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়। ফলে মাছের উৎপাদন ও প্রজনন যাতে ব্যাহত না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে নজর দিতে হবে।
পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির মাধ্যমে জলাশয়ে মাছের উৎপাদন ও প্রজনন বাড়ানোর উদ্যোগকে স্বাগত জানান মেয়র। একই সঙ্গে মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে মৎস্য বিভাগের কর্মকর্তা, চসিকের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়।