
ময়মনসিংহের তারাকান্দায় মায়ের সঙ্গে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যানের চাপায় দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত কাভার্ড ভ্যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের তারাকান্দা উপজেলার তালদিঘি পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই বোন হলো তালদিঘি পশ্চিমপাড়ার মুখলেছুর রহমানের মেয়ে মোছা. আরপিয়া (৮) ও রাবেয়া খাতুন (৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাদরাসায় পড়াশোনা শেষে দুই বোন মায়ের সঙ্গে হেঁটে বাড়ি ফিরছিল। এ সময় ময়মনসিংহ-হালুয়াঘাট সড়ক পার হতে গেলে দ্রুতগতির একটি অজ্ঞাত কাভার্ড ভ্যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল হক জানান, সড়ক দুর্ঘটনায় দুই শিশু ঘটনাস্থলেই মারা গেছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত কাভার্ড ভ্যানটি শনাক্ত এবং চালককে আটকের চেষ্টা চলছে।