ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা!

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ১০:১০ পূর্বাহ্ণ । ৬৩ জন

বিশ্বজুড়ে নগরায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। জনবহুল শহরগুলোতে এর চাপ আরও তীব্র হয়ে উঠছে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকা বায়ুদূষণের মারাত্মক প্রভাবের মুখে রয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক হয়ে উঠেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান IQAir-এর তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। এ সময় শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ছিল ২৫০, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের Lahore। শহরটির একিউআই স্কোর ৩৯০, যা ‘বিপজ্জনক’ পর্যায়ে রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের Kolkata। শহরটির একিউআই স্কোর ২১৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ স্তরে পড়ে।

আইকিউএয়ার বিশ্বব্যাপী তাৎক্ষণিক বায়ুমান পরিমাপ করে একিউআই সূচক প্রকাশ করে থাকে। এই সূচকের মাধ্যমে কোনো শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত এবং তা মানুষের স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ—সে বিষয়ে ধারণা পাওয়া যায়। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

বিশেষজ্ঞদের মতে, ২০০-এর বেশি একিউআই মানে সাধারণ মানুষের মধ্যেও শ্বাসকষ্ট, চোখ জ্বালা, কাশি ও অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে। শিশু, বয়স্ক ও শ্বাসযন্ত্রজনিত রোগে আক্রান্তদের জন্য ঝুঁকি আরও বেশি। যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি, শিল্পকারখানার নির্গমন এবং পার্শ্ববর্তী অঞ্চলের দূষণের প্রভাব মিলিয়ে ঢাকার বায়ুমান পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে।