ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

বরগুনায় বাসচাপায় খানকায়ের খাদেম নিহত

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৬, ২০২৬ ৪:৫৬ অপরাহ্ণ । ১০ জন

বরগুনার আমতলীতে বাসচাপায় খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের এক খাদেম নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) ভোর পৌনে ৬টার দিকে আমতলী-কুয়াকাটা মহাসড়কের আমড়াগাছিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. নুরুল হক মৃধা। তিনি পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, আমড়াগাছিয়া এলাকায় অবস্থিত খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের সামনে দিয়ে চলাচলকারী যানবাহন থেকে প্রায়ই শিক্ষার্থীদের জন্য সহায়তা দেওয়া হয়। এসব অর্থ সড়ক থেকে সংগ্রহ করে থাকেন খাদেমরা। সোমবার ফজরের নামাজ শেষে নুরুল হক মৃধা সড়কে পড়ে থাকা টাকা তুলতে গেলে দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার সময় শব্দ শুনে কমপ্লেক্সের শিক্ষার্থী ও অন্যান্য খাদেমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাবিনা ইয়াসমিন স্বর্ণা জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।