
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) মধ্যে আজ একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রথমবারের মতো পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) পদ্ধতিতে সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে।
বেজার কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই Transaction Advisory Services Agreement (TASA) স্বাক্ষরিত হয়। চুক্তিতে ফেনীর সোনাগাজী উপজেলায় ১০০ থেকে ২০০ মেগাওয়াট ক্ষমতার Ground Mounted Solar PV ও Battery Energy Storage System (ESS) সমন্বিত একটি প্রকল্প বাস্তবায়নের জন্য ADB কারিগরি সহায়তা প্রদান করবে।
অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ADB-এর কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD), বিদ্যুৎ বিভাগ, BPDB, পিপিপি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
নবায়নযোগ্য জ্বালানি নীতি-২০২৫ অনুসারে বাস্তবায়িত এই প্রকল্পটিকে পরিবেশবান্ধব ও টেকসই শিল্পোন্নয়নের পথপ্রদর্শক হিসেবে দেখা হচ্ছে। বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, “এই প্রকল্পটি দেশের প্রথম সোলার প্রকল্প, যা অর্থনৈতিক অঞ্চলে PPP কাঠামোর আওতায় বাস্তবায়িত হচ্ছে। এটি জিরো কার্বন এমিশনের দিকে সরকারের অগ্রযাত্রায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” তিনি ADB-কে দ্রুত সম্ভাব্যতা যাচাই ও বিনিয়োগ আকর্ষণে ভূমিকা রাখার আহ্বান জানান।
ADB-এর কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, “এই প্রকল্পটি বাংলাদেশের জন্য একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে, যেখানে প্রথমবারের মতো ব্যাটারি স্টোরেজ সিস্টেম ব্যবহৃত হবে। এটি বিদ্যুৎ গ্রিডে পরিবেশবান্ধব জ্বালানির সংযোগ ঘটাবে এবং বিনিয়োগকারীদের মধ্যে আস্থা সৃষ্টি করবে।”
চুক্তির আওতায় ADB প্রকল্পের সম্ভাব্যতা যাচাই, আর্থিক মডেল তৈরি, পরিবেশ প্রভাব মূল্যায়ন, আইনি সহায়তা ও আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে বিনিয়োগকারী নির্বাচন প্রক্রিয়ায় সহায়তা দেবে।
প্রকল্পটি বাস্তবায়িত হবে বেজার মালিকানাধীন ফেনী জেলার সোনাগাজী উপজেলার প্রায় ৪০০ একর জমিতে, যা এরই মধ্যে মাস্টার প্ল্যানে নির্ধারিত রয়েছে। সফল বাস্তবায়নের পর এটি জাতীয় গ্রিডে নবায়নযোগ্য শক্তির অবদান বাড়াবে এবং শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সহায়তা করবে।
এই প্রকল্প দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।