বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি) ফার্নেস অয়েল (এইচএফও)-এর ভোক্তাপর্যায়ের মূল্যহার পুনর্নির্ধারণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিপিসি সরবরাহকৃত ফার্নেস অয়েলের দাম প্রতি লিটার ৭০ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়েছে। যা আগে ছিল ৮৬ টাকা। এই হিসাবে প্রতি লিটারে দাম কমেছে ১৫ টাকা ৯০ পয়সা।
রোববার (২২ ফেব্রুয়ারি) কমিশনের জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিশনের আদেশ একই দিন রাত ১২টা থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ফার্নেস অয়েলের মূল্য পুনর্নির্ধারণের জন্য ২০ জানুয়ারি ২০২৫ তারিখে কমিশনে প্রস্তাব দাখিল করে। এর ধারাবাহিকতায় তেল বিপণন কোম্পানিগুলো বিপণন চার্জ ও সমন্বিত পরিবহন চার্জ বৃদ্ধির প্রস্তাব জমা দেয়।
প্রস্তাব জমা দেওয়া কোম্পানিগুলো হলো—
১. মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড (২৬ মে ২০২৫)
২. স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানী লিমিটেড (৩ জুন ২০২৫)
৩. যমুনা অয়েল কোম্পানী লিমিটেড (২৩ জুন ২০২৫)
৪. পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড (২১ জুলাই ২০২৫)
প্রস্তাবগুলোর ওপর ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে কমিশন গণশুনানি গ্রহণ করে। প্রস্তাবকারী লাইসেন্সিগণ ও আগ্রহী পক্ষগণকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত লিখিত মতামত দেওয়ার সুযোগ দেওয়া হয়। পর্যালোচনা ও বিশ্লেষণ শেষে কমিশন আইনগত ক্ষমতাবলে নতুন মূল্যহার নির্ধারণ করে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তেল বিপণন কোম্পানিগুলোর বিপণন চার্জ প্রতি লিটার ০.৭১ টাকা এবং সমন্বিত পরিবহন চার্জ প্রতি লিটার ১.২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফার্নেস অয়েলের পুনর্নির্ধারিত মূল্যসংক্রান্ত পূর্ণাঙ্গ আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) প্রকাশ করা হবে।


