
একই শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বা ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুরুষেরা যখন স্বাচ্ছন্দ্যে থাকেন, তখন অনেক নারী শীতে কাঁপতে থাকেন এবং গরম পোশাক বা কম্বল খুঁজতে শুরু করেন। গবেষণায় দেখা গেছে, পুরুষেরা সাধারণত প্রায় ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্বস্তি বোধ করেন, সেখানে নারীদের জন্য আরামদায়ক আদর্শ তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস। চিকিৎসাবিজ্ঞান বলছে, লিঙ্গভেদে শীতের অনুভূতি আলাদা হওয়ার পেছনে শরীরের গঠন, বিপাকীয় হার, রক্ত সঞ্চালন এবং হরমোনের কিছু পার্থক্য কাজ করে।
বিজ্ঞানীদের মতে, নারীদের তুলনায় পুরুষদের শরীরে সাধারণত পেশির পরিমাণ বেশি থাকে। পেশি শরীরের তাপ উৎপাদনে মুখ্য ভূমিকা রাখে বলে পুরুষের শরীর তুলনামূলক বেশি তাপ তৈরি করতে পারে। অন্যদিকে, বিশ্রামরত অবস্থায় পুরুষদের বিপাকীয় হার বা মেটাবলিক রেট নারীদের চেয়ে গড়ে প্রায় ২৩ শতাংশ বেশি। বিপাকীয় হার কম হওয়ায় নারীদের শরীরে খাবার থেকে শক্তি উৎপাদনের সময় তাপও কম তৈরি হয়। গবেষকেরা জানান, অফিস বা কর্মক্ষেত্রের তাপমাত্রা নির্ধারণের প্রচলিত মডেলগুলোতে নারীদের বিপাকীয় হার প্রায় ৩৫ শতাংশ পর্যন্ত বেশি ধরে হিসাব করা হয় বলেই কর্মক্ষেত্রে নারীরা বেশি শীত অনুভব করেন।
এ ছাড়া নারীদের শরীরে চর্বির পরিমাণ সাধারণত পুরুষদের চেয়ে বেশি থাকে। ২০ থেকে ৩৯ বছর বয়সী সুস্থ নারীদের শরীরে চর্বির স্বাভাবিক হার ২১ থেকে ৩২ শতাংশ, যেখানে সমবয়সী পুরুষদের ক্ষেত্রে তা ৮ থেকে ১৯ শতাংশ। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, চর্বি শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলোকে উষ্ণ রাখতে সহায়তা করলেও পেশির মতো তাপ উৎপাদন করতে পারে না।
পাশাপাশি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব ডায়াবেটিস অ্যান্ড ডাইজেস্টিভ অ্যান্ড কিডনি ডিজিজেসের গবেষক রবার্ট ব্রাইচটা জানান, শরীরের আকার ছোট হলে এবং পেশি কম থাকলে তাপ উৎপাদনও কম হয়; আবার ত্বকের আয়তন ও শরীরের ভরের অনুপাতও তাপ ধরে রাখার ক্ষেত্রে প্রভাব ফেলে।
আশ্চর্যের বিষয় হলো, নারীদের শরীরের ভেতরের তাপমাত্রা পুরুষদের তুলনায় সামান্য বেশি হতে পারে, কিন্তু তাদের হাত ও পায়ের তাপমাত্রা অনেক সময় পুরুষদের চেয়ে কম থাকে। শরীরের ভেতরের তাপমাত্রা তুলনামূলক উষ্ণ থাকায় বাইরের ঠান্ডা বাতাসের সঙ্গে তাপমাত্রার পার্থক্যটা নারীদের কাছে আরও বেশি ঠান্ডা হিসেবে অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের উটাহ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, নারীদের হাত, পা ও কান পুরুষদের তুলনায় প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি ঠান্ডা থাকতে পারে। চিকিৎসকদের মতে, ঠান্ডা পরিবেশে প্রজনন অঙ্গসহ গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ অঙ্গগুলো উষ্ণ রাখতে নারীদের শরীর দ্রুত হাত-পায়ের মতো বাইরের অংশে রক্তপ্রবাহ কমিয়ে দেয় এবং তাঁদের রক্তনালিও ঠান্ডায় দ্রুত সংকুচিত হয়।
নারীদের শীত অনুভূতিতে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের ওঠানামাও বড় ভূমিকা রাখে। ইস্ট্রোজেন হরমোন রক্তকে কিছুটা ঘন করে দেয়, যা হাত-পায়ের ক্ষুদ্র রক্তনালিতে রক্তপ্রবাহ কমিয়ে দেয়। বিশেষ করে ডিম্বস্ফোটনের সময় ইস্ট্রোজেনের মাত্রা বাড়লে রক্তনালি প্রসারিত হয় এবং ত্বকের মাধ্যমে শরীরের তাপ বেরিয়ে যাওয়ার পরিমাণ বেড়ে যায়; আবার ডিম্বস্ফোটনের পর প্রোজেস্টেরনের মাত্রা বাড়লে শরীরের ভেতরের তাপমাত্রাও কিছুটা বেড়ে যায়। এ ছাড়া হরমোনভিত্তিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করলেও শরীরের তাপমাত্রা ও রক্তপ্রবাহে পরিবর্তন আসতে পারে, যা কারও কারও শীত লাগার প্রবণতা বাড়িয়ে দেয়।
শরীরের গঠন, বয়স (৫০ বছরের পর প্রতি দশকে প্রায় ১০ শতাংশ করে পেশি কমে যাওয়া) এবং হরমোনের পার্থক্যের কারণে নারীদের বেশি শীত অনুভব হওয়া স্বাভাবিক হলেও কিছু লক্ষণ দেখা দিলে সতর্ক হওয়া প্রয়োজন। অতিরিক্ত ঠান্ডা লাগার সঙ্গে হাত-পায়ে অবশ ভাব, দুর্বলতা, ফোলাভাব, ব্যথা বা রক্ত সঞ্চালনের সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষ করে আঙুলের রং বারবার সাদা বা নীল হয়ে গেলে বিষয়টি কোনোভাবেই অবহেলা করা উচিত নয়।
সূত্র: দ্য স্ট্যান্ডার্ড (যুক্তরাজ্য), বিবিসি সায়েন্স ফোকাস, গাইজ অ্যান্ড সেন্ট থমাস স্পেশালিস্ট কেয়ার (লন্ডন) ও ম্যাকগিল বিশ্ববিদ্যালয়।