
বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ইস্পোর্টস কমিউনিটিকে আরও সংগঠিত ও উৎসাহিত করতে জাতীয় ইস্পোর্টস টুর্নামেন্ট ‘এয়ারটেল গেমিং এরেনা’ চালুর ঘোষণা দিয়েছে রবি আজিয়াটা পিএলসি’র ব্র্যান্ড এয়ারটেল। একই সঙ্গে দেশের অন্যতম জনপ্রিয় মোবাইল গেম ‘পাবজি মোবাইল’-এর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ সোমবার রাজধানীর রবি করপোরেট অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এয়ারটেলের মতে, ইস্পোর্টস এখন আর শুধুই শখ নয়; বরং তরুণদের জন্য একটি প্রতিযোগিতামূলক ক্ষেত্র হয়ে উঠেছে। ‘এয়ারটেল গেমিং এরেনা’র মাধ্যমে দেশের তরুণ গেমাররা জাতীয় পর্যায়ে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পাবজি মোবাইলের সঙ্গে এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে এয়ারটেল ব্যবহারকারীরা বিশেষ ইভেন্ট, এক্সক্লুসিভ কন্টেন্ট এবং অনন্য গেমিং অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। এতে দেশের গেমিং ইকোসিস্টেমে এয়ারটেলের অবস্থান আরও শক্তিশালী হবে।
রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “এখনকার তরুণ সমাজের মধ্যে ইস্পোর্টস ব্যাপক জনপ্রিয়। ‘এয়ারটেল গেমিং এরেনা’ এবং পাবজি মোবাইলের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আমরা শুধু একটি টুর্নামেন্টই আয়োজন করছি না, বরং বাংলাদেশের পরবর্তী প্রজন্মের ইস্পোর্টস চ্যাম্পিয়নদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলছি।”
এ সময় এয়ারটেলের পূর্ববর্তী গেমিং উদ্যোগগুলোর সফলতা তুলে ধরা হয়, যা গেমার এবং ডিজিটাল লাইফস্টাইলের প্রতি ব্র্যান্ডটির ধারাবাহিক সমর্থনের প্রতিফলন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এয়ারটেলের হেড অব মার্কেটিং সৌরভ প্রকাশ খারে, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনের অ্যাসোসিয়েট ডিরেক্টর তাহাসিনা রাফা, ব্র্যান্ড স্ট্র্যাটেজি ও এটিএল বিভাগের জেনারেল ম্যানেজার জাইমা তাহসীন, ইস্পোর্টস ও গেমিং বিভাগের জেনারেল ম্যানেজার শেখ ফাত্তাহ আহমেদ।