
নদীর পানির প্রবাহ বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় আর্জেন্টিনার বিখ্যাত ইগুয়াজু জলপ্রপাত পর্যটকদের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এল নিনো-সংশ্লিষ্ট আবহাওয়াগত পরিস্থিতি ও অতিবৃষ্টির মধ্যে নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ায় সোমবার এ সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইগুয়াজু জাতীয় উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, ইগুয়াজু নদীতে পানির প্রবাহ প্রতি সেকেন্ডে ১২ হাজার ঘনমিটার ছাড়িয়ে গেছে। এ প্রবাহ স্বাভাবিক গড়ের ছয় গুণেরও বেশি। ফলে পর্যটকদের চলাচল ও জনসাধারণের প্রবেশাধিকার সাময়িকভাবে সীমিত করা হয়।
এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, মানুষের চলাচল এবং জনসাধারণের জন্য উন্মুক্ত এলাকাগুলোতে প্রবেশের ওপর সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পরে নদীর পানিপ্রবাহ ধীরে ধীরে কমে আসায় মঙ্গলবার থেকে পর্যটকদের জন্য এলাকাটি আবার খুলে দেওয়ার কথা জানানো হয়।
এর আগে ২০২৩ ও ২০২৪ সালেও এল নিনোর প্রভাবে সৃষ্ট বন্যার কারণে উত্তর-পূর্ব আর্জেন্টিনায় অবস্থিত ইগুয়াজু জাতীয় উদ্যান বন্ধ রাখতে হয়েছিল।
এল নিনো প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়ার সঙ্গে সম্পর্কিত একটি প্রাকৃতিক জলবায়ুগত ঘটনা। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত ও তাপমাত্রার ধরনে পরিবর্তন দেখা দিতে পারে। জাতিসংঘের বিশেষজ্ঞরা এল নিনোর একটি অত্যন্ত শক্তিশালী পর্যায়ের সম্ভাবনা নিয়ে পূর্বাভাস দিয়েছেন।
আর্জেন্টিনার জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, গত মাসে দেশটির উপকূলীয় অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। সংস্থাটির মতে, বৃষ্টিপাতের এ ধরন শক্তিশালী এল নিনোর সময় দেখা দেওয়া পরিস্থিতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
এদিকে, প্যারাগুয়ে সীমান্তের কাছে অবস্থিত একটি জলবিদ্যুৎকেন্দ্রের তথ্য অনুযায়ী, পারানা নদীতে সেপ্টেম্বরে পানির প্রবাহ ঐতিহাসিক গড়ের তুলনায় ৩৭ শতাংশ বেশি ছিল। চলতি অক্টোবরের এ পর্যন্ত তা গড়ের চেয়ে ৪০ শতাংশ বেশি হয়েছে।
অন্যদিকে, স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উরুগুয়ে নদীর তীরবর্তী এলাকায় বন্যা দেখা দেওয়ায় বেশ কয়েকজন বাসিন্দা তাঁদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।
ইগুয়াজু জলপ্রপাত দক্ষিণ আমেরিকার অন্যতম পরিচিত পর্যটন আকর্ষণ। পানির প্রবাহ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।