পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে জেলার বিভিন্ন এলাকা। ঝড় ও শিলাবৃষ্টিতে গাছচাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে এবং ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে শিলাবৃষ্টি ও ঝড়ো বাতাসে এ দুর্যোগ দেখা দেয়। নিহত বৃদ্ধা চাকাতি বালা পঞ্চগড় পৌরসভার চাঁনপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার খেয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন চাকাতি বালা। মধ্যরাতে হঠাৎ ঝড় শুরু হলে বাড়ির পাশের একটি গাছ উপড়ে তার ঘরের ওপর পড়ে। এতে তিনি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ঝড়ে জেলার বোদা, আটোয়ারী ও সদর উপজেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। শতশত গাছ উপড়ে রাস্তায় ও ঘরবাড়ির ওপর পড়ে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। রাত থেকেই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সড়ক থেকে গাছ সরানোর কাজ করছেন।
ঝড়ের সময় পঞ্চগড় রেলস্টেশন এলাকায় একটি ভবনের দেয়াল ভেঙে পড়লে মইনুল ইসলাম ও তার স্ত্রী খুকুমনি আহত হন। পরে তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়া সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের বজ্রাপাড়া এলাকায় ঝালমুড়ি বিক্রেতা আব্দুস সালামের দুটি ঘর ঝড়ে বিধ্বস্ত হয়েছে।
ঝড় ও শিলাবৃষ্টিতে জেলার মরিচ, ভুট্টা, গম ও পেঁয়াজের বীজসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকের ঘরের চালা ফুটো হয়ে গেছে এবং গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ জানান, গাছচাপায় একজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত হওয়া গেছে। ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে।


