ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

নদীভাঙনে বিলীনের পথে বড়দিয়া বাজার, আতঙ্কে ৪০০ ব্যবসায়ী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ সকাল

Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া বাজার মধুমতী ও নবগঙ্গা নদীর ভয়াবহ ভাঙনের হুমকিতে পড়েছে। ইতোমধ্যে বাজারের একটি বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। কয়েকটি দোকান নদীতে ধসে পড়ায় মালামাল ও দোকানের অবকাঠামো সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। এতে বাজারের প্রায় ৪০০ ব্যবসায়ী ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন।

বড়দিয়া বাজার ব্রিটিশ আমল থেকে এ অঞ্চলের গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্র হিসেবে পরিচিত। একসময় নদীপথ ছিল এ বাজারের ব্যবসা-বাণিজ্যের প্রধান যোগাযোগমাধ্যম। আশপাশের প্রায় ২০ কিলোমিটার এলাকার পাশাপাশি তিন জেলার মানুষ এ বাজারের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে যুক্ত। বাজারে বিভিন্ন ব্যাংক, এনজিও এবং কালিয়া উপজেলার বড় খাদ্যগুদাম রয়েছে। চাল, ডাল, সার, রড-সিমেন্ট, হার্ডওয়্যারসহ বিভিন্ন পণ্য এখানে পাইকারি ও খুচরা বিক্রি হয়। কৃষিপণ্য ও পান বেচাকেনার জন্যও বাজারটি পরিচিত।

নদীভাঙন থেকে বাজার, বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান রক্ষার দাবিতে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলার কোটাকোল ইউনিয়নের বড়দিয়া বাজারসংলগ্ন খেয়াঘাট এলাকায় মধুমতী নদীর তীরে এ কর্মসূচি পালন করা হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এক দিনের ব্যবধানে নদীর তীরের ১০ থেকে ১৫টি বসতঘর নদীগর্ভে বিলীন হয়েছে। নদীতীরের বাসিন্দাদের বেশির ভাগই নিম্নআয়ের মানুষ। ঘরবাড়ি হারিয়ে নতুন করে ঘর নির্মাণের সামর্থ্য তাদের নেই। নদীভাঙনে বড়দিয়া বাজারও দিন দিন ছোট হয়ে আসছে। একসময় এখানে বন্দর ছিল। বর্তমানে বাজারের যে অংশটুকু টিকে আছে, সেটিও ভাঙনের হুমকিতে রয়েছে।

বাজারের ব্যবসায়ীরা জানান, ইতোমধ্যে কয়েকটি দোকান নদীগর্ভে বিলীন হয়েছে। আরও কয়েকটি দোকান যেকোনো সময় নদীতে ধসে পড়তে পারে। এ কারণে অনেক ব্যবসায়ী আগেভাগেই মালামাল ও দোকানের অবকাঠামো সরিয়ে নিচ্ছেন। তাদের দাবি, স্থায়ী বাঁধ থাকলে এ ক্ষতি এড়ানো সম্ভব হতো।

মানববন্ধনে ষাটোর্ধ্ব নিহাত বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি একজন সর্বহারা। অনেক কষ্ট করে ঘরটুকু করেছিলাম। নদী সেটাও নিয়ে গেল। এখন আমার থাকারও কোনো জায়গা নেই। বাড়ির জমি সব চলে গেছে। অল্প একটু আছে, সেটুকুও থাকবে না। পানি টান দিলে সব চলে যাবে। আমার কোথাও যাওয়ার জায়গা নেই।”

খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি. এম. বরকত উল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে মধুমতী ও নবগঙ্গা নদীর সংযোগস্থলে ভাঙনের কারণে বড়দিয়া মৌজার বড় অংশ বিলীন হয়ে গেছে। বাজারের অধিকাংশ দোকান ভেঙে গেছে, বন্দরও এখন আর নেই। নতুন করে ভাঙন শুরু হওয়ায় বাজারটি আবারও হুমকির মুখে পড়েছে।

তিনি বলেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের সঙ্গে বাজারের ব্যবসায়ীদের নিয়ে এ বিষয়ে কথা হয়েছে। ভাঙন মোকাবিলায় নদীতীরে জিও ব্যাগ ফেলার জন্য একটি প্রকল্প জমা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। পরে ব্লক ফেলে স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

পানি কমতে শুরু করলে ভাঙন আরও বাড়তে পারে উল্লেখ করে দ্রুত বড়দিয়া খেয়াঘাট থেকে ফেরিঘাট পর্যন্ত জিও ব্যাগ ফেলে নদীতীরের বাসিন্দা ও দোকানপাট রক্ষার দাবি জানান তিনি।

কোটাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাচান আল মামুদ বলেন, ব্রিটিশ আমলের বড়দিয়া বাজারটি খাশিয়াল ও কোটাকোল ইউনিয়নের মানুষের ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। নদীভাঙনে বাজারটি ছোট হয়ে যাচ্ছে এবং ব্যবসায়ীরা সর্বস্ব হারাচ্ছেন। ভাঙন রোধে সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। একই সঙ্গে ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবিও জানান তিনি।

নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুমার সাহা বলেন, নবগঙ্গা অত্যন্ত ভাঙনপ্রবণ নদী। ভাঙন প্রতিরোধে বিভিন্ন এলাকায় কাজ চলছে। বড়দিয়াসহ বিভিন্ন এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে, যা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে ভাঙন প্রতিরোধে কাজ করা হবে।

তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে ঝুঁকিপূর্ণ এলাকায় তাৎক্ষণিক ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের প্রস্তুতি রয়েছে। আপৎকালীন কাজের অংশ হিসেবে প্রয়োজন অনুযায়ী ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত