
সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে মো. শিপু মিয়া (২৬) নামে এক বালু শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মাঠিয়ান হাওরে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত শিপু মিয়া উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে টেকেরঘাট যাওয়ার পথে বালুর নৌকা নিয়ে মাঠিয়ান হাওর অতিক্রম করছিলেন শিপু মিয়া। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারক আহাম্মদ বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোররাতে হাওরে বজ্রপাতে শিপু মিয়ার মৃত্যু হয়েছে। পরে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।