ঢাকামঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

ঢাকায় আজ আকাশ পরিষ্কার, দীর্ঘ সময় রোদের দেখা মিলবে

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ১০:২৪ পূর্বাহ্ণ । ৩৮ জন

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। ফলে গত কয়েকদিনের মতো আজও দীর্ঘ সময় রোদের দেখা মিলবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, ঢাকার আকাশ শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রা হালকা বৃদ্ধি পেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই। উত্তর-উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭ শতাংশ।

এর আগে সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৪ মিনিটে।

অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলে আজকের তাপমাত্রা অনুযায়ী—চট্টগ্রামে সর্বোচ্চ ২৯ দশমিক ৫ ও সর্বনিম্ন ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে সর্বোচ্চ ২৬ দশমিক ৪ ও সর্বনিম্ন ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় সর্বোচ্চ ২৬ দশমিক ৮ ও সর্বনিম্ন ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সিলেটে সর্বোচ্চ ২৯ দশমিক ২ ও সর্বনিম্ন ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এ ছাড়া বরিশালে সর্বোচ্চ ২৮ দশমিক ৩ ও সর্বনিম্ন ১১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস, রংপুরে সর্বোচ্চ ২৭ দশমিক ৩ ও সর্বনিম্ন ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহে সর্বোচ্চ ২৯ দশমিক শূন্য ও সর্বনিম্ন ১৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, সারাদেশে আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।