
ঠাকুরগাঁওয়ে ভুট্টা চাষে প্রতারণার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কৃষকরা অভিযোগ করে বলেন, মেসার্স ইয়াকুব ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান ভুল মৌসুমে ভুল জাতের বীজ সরবরাহ করে তাদের সঙ্গে প্রতারণা করেছে। এর দায়ভার প্রতিষ্ঠানটিকেই নিতে হবে।
তারা অবিলম্বে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি অসাধু বীজ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। কৃষকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো না মানলে তারা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
এই মানববন্ধনে ঠাকুরগাঁও সদর ও বালিয়াডাঙ্গী উপজেলার মাদারগঞ্জ, দোগাছী, লাহিরী, গিলাবাড়ি, চিলারং, রোড পল্লি বিদ্যুৎ, সেন্টার হাটসহ বিভিন্ন এলাকার কৃষকরা অংশ নেন।