
জাপানে রেললাইন থেকে আগাছা পরিষ্কারের সময় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় চার শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা ৪৬ মিনিটের দিকে রাজধানী টোকিওর উত্তরে শিন-কানুমা স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, দুর্ঘটনার সময় শ্রমিকরা রেললাইনের পাশে আগাছা পরিষ্কারের কাজ করছিলেন। ট্রেনের ধাক্কায় তিনজন শ্রমিক ট্রেনের নিচে আটকা পড়েন। আরেকজন প্ল্যাটফর্মে ছিলেন। পরে জরুরি পরিষেবার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালান।
দুর্ঘটনায় জড়িত ট্রেনটি ছিল একটি লিমিটেড এক্সপ্রেস ট্রেন। জাপানে শিনকানসেন বা বুলেট ট্রেনের পর এটিকে অন্যতম দ্রুতগামী ট্রেন হিসেবে বিবেচনা করা হয়।
দুর্ঘটনার পর তোবু নিক্কো লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রেনের এক যাত্রী জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকেকে জানান, ট্রেনটি জরুরি ভিত্তিতে থামার আগে তারা একটি ‘অদ্ভুত শব্দ’ শুনতে পান। পরে কর্মীরা শব্দটির কারণ খতিয়ে দেখছেন বলে যাত্রীদের জানানো হয় এবং তারা কিছু সময় ট্রেনের ভেতরে আটকা ছিলেন।
জাপানের সংবাদমাধ্যম আসাহি শিম্বুন জানিয়েছে, সাধারণত রেললাইনে কাজ করার সময় শ্রমিকদের আসন্ন ট্রেন সম্পর্কে সতর্ক করতে কাছাকাছি একজন কর্মী দায়িত্বে থাকেন। তবে দুর্ঘটনার সময় ওই ধরনের সতর্কতামূলক ব্যবস্থা কার্যকর ছিল কি না, তা এখনো স্পষ্ট নয়।
জাপানে বিস্তৃত ও উন্নত রেল নেটওয়ার্ক থাকলেও মারাত্মক ট্রেন দুর্ঘটনা তুলনামূলকভাবে বিরল। চার শ্রমিক নিহতের এই ঘটনায় দুর্ঘটনার কারণ ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে তদন্ত চলছে।