ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

চুয়াডাঙ্গায় ফের তীব্র সারসংকট, বিপাকে প্রান্তিক কৃষকরা

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ অগাস্ট ২০২৫, ৫:২০ বিকাল

Link Copied!

চলতি আউশ মৌসুমেও চুয়াডাঙ্গায় ফের দেখা দিয়েছে তীব্র সারসংকট। জেলার চারটি উপজেলায় সরকারি ডিলার পয়েন্টে ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারের সরবরাহ প্রায় অনুপস্থিত থাকলেও খুচরা বাজারে ওই সার মিলছে দ্বিগুণ থেকে তিনগুণ দামে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন প্রান্তিক কৃষকরা।

কৃষকদের অভিযোগ, সরকারি ডিলারদের নিকট থেকে প্রয়োজনীয় পরিমাণ সার না পেয়ে তারা খুচরা বাজারে বাধ্য হয়ে অতিরিক্ত দামে সার কিনছেন। তাদের দাবি, একটি প্রভাবশালী সিন্ডিকেট পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে দাম বাড়িয়ে তুলেছে।

মাঠে ব্যস্ত কৃষক, নেই সারের জোগান


জেলার বিভিন্ন মাঠজুড়ে এখন ধান, পাট, পেঁপে ও আগাম শীতকালীন সবজির চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এ সময়ে ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু চাহিদামতো সরবরাহ না থাকায় চাষাবাদ ব্যাহত হচ্ছে।

গাড়াবাড়িয়া গ্রামের কৃষক এনামুল হক বলেন, “ভোটার আইডি দেখিয়ে ডিলারের কাছ থেকে মাত্র ১০-২০ কেজি সার পাওয়া যাচ্ছে, অথচ আমার দরকার ২০০ কেজি।”

একই গ্রামের কৃষক আকাশ হোসেন বলেন, “ডিলারের কাছে না পেয়ে খুচরা দোকানে যেতে হচ্ছে। তবে সেখানে দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। কৃষি খরচ বেড়ে যাচ্ছে।”

বেলগাছি ইউনিয়নের কৃষক মামুন হোসেন জানান, “১,৩৫০ টাকার সরকারি মূল্যের সার খুচরা বাজারে কিনতে হচ্ছে ২,৬০০ টাকায়। এই দাম প্রান্তিক কৃষকের পক্ষে বহন করা সম্ভব নয়।”

ডিলার ও খুচরা বিক্রেতাদের ভিন্ন সুর
বিসিআইসি অনুমোদিত ডিলার ‘বিশ্বাস ট্রেডার্স’-এর প্রতিনিধি শাওন বিশ্বাস বলেন, “সরবরাহ কম থাকায় কৃষকের চাহিদা অনুযায়ী সার দেওয়া যাচ্ছে না। যে পরিমাণ পাচ্ছি, তা ভাগ করে দিতে হচ্ছে।”

খুচরা ব্যবসায়ী আলমগীর হোসেন দাবি করেন, “জেলার বাইরে থেকে সার এনে কৃষকদের চাহিদা পূরণ করা হচ্ছে। এতে পরিবহনসহ খরচ বেড়ে যাওয়ায় দামও বেশি রাখতে হচ্ছে।”

আরেক বিক্রেতা মিন্টু আলী জানান, “পাইকারি পর্যায় থেকেই ৫০০-৭০০ টাকা বেশি দামে বস্তা কিনতে হচ্ছে। ফলে খুচরা দামও বাড়ছে।”

প্রশাসনের দাবি ও পদক্ষেপ


চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, “সরকার কৃষকদের জন্য ভর্তুকিমূল্যে সার সরবরাহ করছে। কেউ কারসাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

জেলা প্রশাসক জহিরুল ইসলাম বলেন, “তথ্য অনুযায়ী জেলায় সারের কোনো ঘাটতি নেই। তবে মাঠপর্যায়ের বাস্তবতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি আরও জানান, তামাক চাষিরা সরকারি ভর্তুকিমূলক সার পাওয়ার যোগ্য নন। তামাক ও মাছ চাষের জন্য পৃথক সারের চাহিদা নির্ধারণ করে সরবরাহ নিশ্চিত করতে হবে।

কী কারণে সংকট?
সংশ্লিষ্টরা মনে করছেন, বরাদ্দ ও সরকারি মজুদ যথেষ্ট থাকলেও বিতরণব্যবস্থার দুর্বলতা, তদারকির ঘাটতি এবং অসাধু সিন্ডিকেটের কারণে মাঠপর্যায়ে সংকট দেখা দিচ্ছে। দ্রুত কার্যকর মনিটরিং না হলে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা