ঢাকাবৃহস্পতিবার , ১৩ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

চাল-চিনি-তেল-সার-এলএনজিসহ ১২ ক্রয় প্রস্তাব অনুমোদন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ অগাস্ট ২০২৬, ১১:০৬ সকাল

Link Copied!

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং কৃষি ও জ্বালানি খাতের চাহিদা পূরণে চাল, চিনি, সয়াবিন তেল, মসুর ডাল, সার ও এলএনজিসহ ১২টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১২ আগস্ট) অনুষ্ঠিত কমিটির ২০২৬ সালের ৩৭তম সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় বিবিধ বিষয়সহ মোট ১৫টি প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে ১২টি অনুমোদন এবং দুটি প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে।

সভায় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ভিয়েতনাম থেকে সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে এক লাখ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ৫১৫ কোটি ৪ লাখ ৯৬ হাজার টাকা।

এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইন্দোনেশিয়ার পিটি ট্রিনিটি কাহয়া এনার্জি থেকে ১৫৭ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ২৫ হাজার মেট্রিক টন চিনি এবং ২৮২ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে দুই কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনা হবে।

স্থানীয় প্রতিষ্ঠান নাবিল নব ফুডস লিমিটেড থেকে প্রায় ৭৯ কোটি টাকা ব্যয়ে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের পাম অলিন কেনার একটি প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে।

সার আমদানিতে ৯০২ কোটি টাকা

কৃষি উৎপাদন নির্বিঘ্ন রাখতে সার আমদানির তিনটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের আওতায় সৌদি আরবের সাবিক থেকে ২০৯ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে।

অন্যদিকে কৃষি মন্ত্রণালয়ের আওতায় মরক্কোর ওসিপি নিউট্রিক্রপসের সঙ্গে জিটুজি চুক্তির অধীনে ৪৪১ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি এবং ২৫১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

তবে ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার কারখানার কারিগরি সহায়তাসংক্রান্ত একটি প্রস্তাব প্রত্যাহার করা হয়।

৬ কার্গো এলএনজি কেনার অনুমোদন

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও গ্যাসের চাহিদা মেটাতে সরাসরি ক্রয় পদ্ধতিতে বিভিন্ন আন্তর্জাতিক উৎস থেকে ছয় কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এর মধ্যে যুক্তরাজ্যের ব্ল্যাককিউব ইন্টারন্যাশনাল থেকে দুই কার্গো, ওমানের ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল থেকে দুই কার্গো এবং হংকংয়ের ঝেনইউ শিপিং থেকে দুই কার্গো এলএনজি কেনা হবে।

এ ছাড়া ২০২৬ থেকে ২০৩৮ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের গানভর ইউএসএ থেকে মোট ১১৭ কার্গো এলএনজি আমদানির একটি প্রস্তাবও অনুমোদন করেছে কমিটি।

ফ্যামিলি কার্ডের জন্য ৩২১ কোটি টাকার ট্যাব

সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘এসএসপিরিট’ প্রকল্পের মাধ্যমে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৩২০ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে অ্যান্ড্রয়েড ট্যাব কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব ট্যাব কেনা হবে।

এ ছাড়া অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন চট্টগ্রাম কাস্টমস হাউসের মড্যুলার ডাটা সেন্টার ও আইটি অবকাঠামো স্থানান্তরের জন্য স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়ামের অনুকূলে ২ কোটি ২৩ লাখ টাকার ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

একই সঙ্গে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কুমিল্লা সড়ক জোনের একটি প্যাকেজের পুনঃদরপত্রের (রি-টেন্ডার) প্রস্তাবও অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

Facebook Comments Box

আরও পড়ুন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু

শীতলপাটি-মৃৎশিল্পের পণ্য যাবে বিশ্ববাজারে: অর্থমন্ত্রী

সিলেটে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু

রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস

realme C100x Comes with Massive 8000mAh Titan Battery Built for All-Day Power

এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, ২০ লাখ নকল সিগারেট জব্দ

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

Meena Bazar Fined Tk 300,000 for Displaying Tobacco Product Advertisements

তামাকজাত দ্রব্যের প্রচারণা: মীনা বাজার সুপার শপকে ৩ লাখ টাকা জরিমানা

মাঠ দখলদার ক্লাবের প্রতি গণপূর্ত-রাজউকের নতজানু নীতি বেআইনি: বিবৃতি

লঘুচাপের প্রভাবে বাড়তে পারে বৃষ্টি, পাঁচ দিন পর বাড়বে প্রবণতা