
তামাক নিয়ন্ত্রণ আইন অমান্য করার দায়ে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে দুটি গণপরিবহনকে জরিমানা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৫ আগস্ট) পরিচালিত এ অভিযানে গাবতলী লিংক পরিবহন ও ডি-লিংক পরিবহনকে তাদের যানবাহনের ভেতরে বাধ্যতামূলক ধূমপানবিরোধী সতর্কীকরণ নোটিশ প্রদর্শন না করার অপরাধে ১,০০০ টাকা করে জরিমানা করা হয়। বিআরটিএ আদালত-৯ এর ম্যাজিস্ট্রেট তাসমিয়া জাইগিরদার এ দণ্ডাদেশ দেন।
এর আগে চলতি বছরের ১২ জানুয়ারি একই স্থানে প্রথমবারের মতো ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তখন আদালত-৩ এর ম্যাজিস্ট্রেট আনিসুজ্জামান রইচ পরিবহনকে ১,০০০ টাকা এবং ডি-লিংক পরিবহনকে ৫০০ টাকা জরিমানা করেছিলেন।
অভিযানে ডাস তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা জানান, বিআরটিএ এবং নাগরিক সমাজের সংগঠনগুলোর সমন্বিত প্রচেষ্টায় তামাক নিয়ন্ত্রণ আইনের প্রয়োগ আরও শক্তিশালী হচ্ছে।
বিআরটিএর কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, এ ধরনের অভিযান ভবিষ্যতে অন্যান্য গণপরিবহন কর্তৃপক্ষকে আইন মেনে চলতে উৎসাহিত করবে এবং তামাক নিয়ন্ত্রণ আইনের কার্যকর বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।