
রাজধানীর গাবতলীর বেড়িবাঁধ এলাকায় ট্রাকের ধাক্কায় এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। নিহতের নাম নুসরাত জাহান (১৪)।
মঙ্গলবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বেলা ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. সোহাগ জানান, তারা মোহাম্মদপুর ফিউচার হাউজিং এলাকায় বসবাস করেন। আত্মীয়ের বাসা থেকে অটোরিকশায় করে পরিবারের সদস্যদের নিয়ে বাসায় ফিরছিলেন। পথে গাবতলীর বেড়িবাঁধে আরেকটি অটোরিকশার ধাক্কায় নুসরাত রাস্তায় পড়ে যান। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
স্বজনরা জানান, নুসরাত মোহাম্মদপুরের একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করত। তাদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।