ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  • অন্যান্য

কুমিল্লার দেবীদ্বারে বাসচাপায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৮, ২০২৬ ১০:৫৬ পূর্বাহ্ণ । ১৬ জন

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও কয়েকজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২৭ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দেবীদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের আব্দুল জলিল (৭০) এবং দেবীদ্বার পৌর এলাকার বড়আলমপুর গ্রামের মমতাজ বেগম (৪৫)। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় মমতাজ বেগমকে হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী নিউ সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল জলিল নিহত হন এবং অন্য যাত্রীরা গুরুতর আহত হন।

আহতদের মধ্যে সিএনজি চালক ইসমাইল (২৬)সহ আরও দু’জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পরপরই স্থানীয় জনতা বাসটির চালক মো. রাজা মিয়া (৩৫)-কে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

মীরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, নিহত আব্দুল জলিলের মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে জালাল হোসেন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।

মীরপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) মো. আক্তারুজ্জামান বলেন, আটক চালককে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।