
কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা বাজারে প্রকাশ্যে শিয়াল জবাই করে মাংস বিক্রির অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৩১ মে) দুপুরে বাজারের পাশে একটি ব্রিজের কাছে শিয়াল জবাই করে মাংস বিক্রি করেন এক ব্যক্তি। পরে তা বাজারে কেজিপ্রতি ২০০০ টাকা দরে বিক্রি করা হয়।
জানা গেছে, শামীম হোসেন (২৮) নামের ওই ব্যক্তি স্থানীয়দের কাছে শিয়ালের মাংসের ‘ঔষধি গুণ’ সম্পর্কে নানা দাবি তুলে ধরেন। তিনি বলেন, “শিয়ালের মাংস বাত-ব্যথা ও কঠিন রোগে উপকারী”—এমন ধারণা দিয়ে কিছু লোকের কাছে প্রায় দুই কেজি মাংস বিক্রি করেন। পরবর্তী সময়ে তিনি বাকি মাংস পাশের বাগমারা বাজারে নিয়ে যান বিক্রির উদ্দেশ্যে।
স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, বিক্রেতাদের কথায় বিশ্বাস করেই তারা মাংস কিনেছেন। এ ধরনের ঘটনা বাজারে নতুন নয়, প্রায়ই এমনভাবে শিয়ালের মাংস বিক্রি হয় বলে জানান তারা। তবে কারা এসব বিক্রি করে, তা স্পষ্ট নয়—প্রতিবারই বিক্রেতা বদলায়।
প্রশাসনের অবস্থান:
এ বিষয়ে আড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকের হোসেন বাদল বলেন, “বাজার ইউপি অফিসের কাছেই, কিন্তু আমি কখনও এমন দৃশ্য দেখিনি বা কেউ এ বিষয়ে অভিযোগ করেনি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মং বলেন, “বন্যপ্রাণী হত্যা ও বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি খতিয়ে দেখা হবে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাসরিন সুলতানা তনু জানান, “বিষয়টি আমার জানা ছিল না। কেউ আমাকে অবহিত করলে আমি সঙ্গে সঙ্গে প্রশাসনকে সঙ্গে নিয়ে ব্যবস্থা নিতাম।”
বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী, শিয়ালসহ যেকোনো বন্যপ্রাণী হত্যা বা বিক্রি দণ্ডনীয় অপরাধ।
স্থানীয়দের অভিযোগ, আইন না মানার এই প্রবণতা সচেতনতার অভাব এবং প্রশাসনিক নজরদারির ঘাটতির ফল। দ্রুত এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশ ও প্রাণিসম্পদ সুরক্ষা নিয়ে কাজ করা সংশ্লিষ্টরা।