
আগামী এক থেকে দেড় বছরের মধ্যে দেশে পেঁয়াজ আমদানির প্রয়োজন থাকবে না বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে দেশকে ধীরে ধীরে আমদানিনির্ভরতা থেকে বের করে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
সোমবার (১৫ জুন) রাজধানীতে স্মার্ট কৃষিতে সরকারি বিনিয়োগ বিষয়ক বিশ্বব্যাংকের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, কৃষকের কাছে বাজারের চাহিদা ও তথ্য সঠিকভাবে পৌঁছায় না বলেই অনেক সময় তারা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। তথ্যভিত্তিক কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলা গেলে এ সমস্যার সমাধান সম্ভব হবে।
তিনি আরও জানান, আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ পাট বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে। একই সঙ্গে কৃষিপণ্য সংরক্ষণের সক্ষমতা বাড়াতে আগামী এক থেকে দুই বছরের মধ্যে সারা দেশে দুই হাজার মিনি কোল্ডস্টোরেজ স্থাপন করা হবে।
মন্ত্রী বলেন, এসব কোল্ডস্টোরেজে ১৫ থেকে ২০ জন কৃষক যৌথভাবে তাদের উৎপাদিত পণ্য সংরক্ষণ করতে পারবেন। এর ফলে মৌসুমভিত্তিক অতিরিক্ত সরবরাহের কারণে দাম কমে যাওয়ার ঝুঁকি হ্রাস পাবে এবং কৃষকেরা প্রয়োজন অনুযায়ী পরে ভালো দামে পণ্য বিক্রি করতে পারবেন।
তিনি আরও বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কৃষিখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষের জীবিকা ও অর্থনীতি কৃষির সঙ্গে সম্পৃক্ত হওয়ায় এই খাতকে আরও শক্তিশালী ও আধুনিক করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
মন্ত্রী আশা প্রকাশ করেন, প্রযুক্তিনির্ভর কৃষি, উন্নত সংরক্ষণ ব্যবস্থা এবং সঠিক বাজার ব্যবস্থাপনার মাধ্যমে দেশের কৃষি খাত আরও টেকসই ও লাভজনক হয়ে উঠবে।