সুষ্ঠু নির্বাচন পরবর্তী সময়ে দেশের ভবিষ্যৎ, গণতন্ত্র, খাদ্য নিরাপত্তা ও আঞ্চলিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং আগামীর বাংলাদেশ হবে অধিকার, বাকস্বাধীনতা ও টেকসই উন্নয়নের দেশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
খাদ্য মন্ত্রী বলেন, অর্থ, উন্নয়ন ও অগ্রগতির চূড়ান্ত হিসাব শেষ পর্যন্ত খাদ্য নিরাপত্তার মধ্যেই নিহিত। মানুষ যত অর্থ-সম্পদই অর্জন করুক না কেন, ক্ষুধা নিবারণই জীবনের মৌলিক সত্য। তিনি বলেন, খাদ্য উৎপাদন, মৎস্য, মাংস ও ডিম উৎপাদনের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জাতীয় স্বার্থের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই দায়িত্ব অর্পণের পেছনে কুমিল্লার ঐতিহ্যও একটি গুরুত্বপূর্ণ কারণ।
মন্ত্রী বলেন, বাংলাদেশের আধুনিক সেচব্যবস্থাভিত্তিক কৃষি উৎপাদনের সূচনা কুমিল্লা থেকেই, যার পথিকৃৎ ছিলেন আখতার হামিদ খান। তাঁর উদ্যোগে সমবায়ভিত্তিক সেচ ও কৃষি উন্নয়ন কার্যক্রম শুরু হয়, যা পরবর্তীতে সারা দেশের জন্য অনুসরণীয় মডেলে পরিণত হয়। তিনি বলেন, কুমিল্লার সেই ঐতিহ্য ও অভিজ্ঞতাকে সামনে রেখে কৃষি ও খাদ্য খাতে আরও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তিনি দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা প্রদর্শন করবেন।
তিনি আরও বলেন, “কুমিল্লায় প্রথম রপ্তানিমুখী কারখানা আমিই স্থাপন করেছি। সে সময় আপনাদের উৎসাহ ও সহযোগিতা পেয়েছি। আজ কুমিল্লায় এক ধরনের শিল্প বিপ্লব ঘটেছে—অসংখ্য কারখানা গড়ে উঠেছে। এই অগ্রগতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মন্ত্রী হিসেবে নিজের অবস্থান থেকে কুমিল্লার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। এ অঞ্চলের দীর্ঘদিনের গণদাবি—কুমিল্লাকে বিভাগ ঘোষণা—বাস্তবায়নে তিনি অগ্রণী ভূমিকা পালনের আশ্বাস দেন।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আমার স্ব স্ব মন্ত্রণালয়ের কার্যক্রম সঠিক ও ফলপ্রসূভাবে পরিচালনার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা সহযোগিতা করলে আমি আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারব বলে বিশ্বাস করি।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মুঃ রেজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, কুমিল্লা বিএনপি’র মহানগর শাখার সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
পবিত্র রমজান উপলক্ষে আজ দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।
উদ্বোধন শেষে তিনি বিক্রয় স্টল পরিদর্শন করেন, পণ্যের মান ও মূল্য সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যাতে সাধারণ মানুষ রমজান মাসে ন্যায্যমূল্যে মানসম্মত খাদ্যসামগ্রী পেতে পারেন।


