
সিলেট বিভাগে হাম রোগের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগটিতে নিশ্চিত হাম ও হাম রোগের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৯ জনে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সর্বশেষ মারা যাওয়া তিন শিশুই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তাদের প্রত্যেকের বয়স দেড় বছরের কম। শিশুদের বাড়ি সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গ নিয়ে নতুন করে ১৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে সাড়ে পাঁচ শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের অধিকাংশই সুনামগঞ্জ, সিলেট ও হবিগঞ্জের প্রত্যন্ত এলাকার বাসিন্দা।