ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  • অন্যান্য

সন্ধ্যার মধ্যে ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৮, ২০২৬ ১২:১৯ অপরাহ্ণ । ৩৪ জন

দেশের ১৯টি অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় অস্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

ঝড়ের আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদফতর সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।