
মালয়েশিয়ার জোহর বারুতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৪ বছর বয়সী তরুণ ইনফ্লুয়েন্সার ও ট্রেডার জেজুন। ইস্কান্দার কোস্টাল হাইওয়েতে তাঁর স্পোর্টস কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পিলারে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, গত ২৯ অক্টোবর দুপুরে লেগোল্যান্ড মালয়েশিয়া থেকে জোহর বারু শহরের দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ছিল আনুমানিক দুপুর ২টা। ইস্কান্দার সেরি পুত্রি থানার পুলিশপ্রধান জানান, বেলা পৌনে ৩টার দিকে তাঁরা দুর্ঘটনার খবর পান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে।
দুর্ঘটনার পর বিধ্বস্ত গাড়িটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গাড়িতে থাকা ‘১%’ লোগো দেখে নেটিজেনরা সেটিকে জেজুনের গাড়ি হিসেবে শনাক্ত করেন। লোগোটি তাঁর পরিচালিত ট্রেডিং প্ল্যাটফর্মের প্রতীক।
জেজুন সামাজিক যোগাযোগমাধ্যমে ফুল-টাইম ট্রেডার হিসেবে পরিচিত ছিলেন। তিনি ‘১% ট্রেডার্স ক্লাব’ প্রতিষ্ঠা করেন। এ প্ল্যাটফর্মের মাধ্যমে ফরেক্স ট্রেডিং, বিনিয়োগ প্রশিক্ষণ ও আর্থিক বিষয়ক বিভিন্ন কনটেন্ট শেয়ার করতেন তিনি।
মাত্র ২৩ বছর বয়সে ১০ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত দিয়ে একটি ল্যাম্বরগিনি গাড়ি কিনে আলোচনায় আসেন জেজুন। বাংলাদেশি মুদ্রায় ওই অর্থের পরিমাণ প্রায় ৩ কোটি ৬ লাখ ২০ হাজার টাকা।
গত ৩০ অক্টোবর জেজুনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাঁর পরিবার ও বন্ধুরা এক বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করেন।