নড়াইলের লোহাগড়া উপজেলায় বালু বোঝাই লাটা গাড়ির (ইঞ্জিনচালিত অবৈধ যান) সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত আব্দুর রহিম মোল্যা (২২) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের এড়েন্দা সুইচ গেট এলাকায় ফেদী-এড়েন্দা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মৃত আব্দুর রহিম মোল্যা উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি গ্রামের দাউদ মোল্যার ছেলে। সে পেশায় রাজমিস্ত্রির কাজ করতো বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সকালে নিজ বাড়ি বসুপটি থেকে মোটরসাইকেল যোগে এড়েন্দা বাজারের দিকে যাচ্ছিলো আব্দুর রহিম। প্রতিমধ্যে ফেদী-এড়েন্দা আঞ্চলিক সড়কের এড়েন্দা সুইচ গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বালু বোঝাই একটি লাটা গাড়ির (ইঞ্জিন চালিত অবৈধ যান) সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আব্দুর রহিম গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সে মারা যায়।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যুর ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


