ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০২৫

রাজবাড়ীতে ট্রাকচাপায় কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৬, ২০২৫ ১১:০৮ পূর্বাহ্ণ । ১২৮ জন

রাজবাড়ীতে ট্রাকচাপায় পলাশ কাজী (১৯) নামে এক কিশোর নিহত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা সাগর এগ্রো ফুড লিমিটেড এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।

পাংশা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত পলাশ কাজী রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামের ছাকেন কাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পলাশ ও নিরব মোটরসাইকেলে করে বাগমারা মোড় থেকে চন্দনী এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে সাগর রাইস মিলের সামনে পৌঁছালে পাংশা থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাদের ওপর উঠে যায়। এতে দু’জনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে পৌঁছানোর পর কর্তৃপক্ষ পলাশকে মৃত ঘোষণা করেন।

ওসি হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত পলাশের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রাকচালক ও যানবাহন শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।