রাজধানীর হাসপাতালগুলোতে হাম উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। তবে চিকিৎসকদের মতে, উপসর্গ নিয়ে ভর্তি হওয়া সকল রোগীই যে হাম আক্রান্ত—তা নয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালেও মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে হাম উপসর্গ নিয়ে একাধিক শিশু ভর্তি হতে দেখা যায়। তাদের অধিকাংশই কয়েক সপ্তাহ ধরে অসুস্থ ছিল বলে জানিয়েছেন স্বজনরা।
হাসপাতালে ভর্তি হওয়া অনেক শিশুর ক্ষেত্রে একই ধরনের লক্ষণ দেখা গেছে। অভিভাবকদের ভাষ্য অনুযায়ী, শিশুদের জ্বর, সর্দি বা ডায়রিয়া হওয়ার ৪ থেকে ৫ দিন পরই হাম সন্দেহ করা হচ্ছে।
এদিকে চিকিৎসকের পরামর্শ ছাড়া ফার্মেসি থেকে ওষুধ খাওয়ানোর কারণে অনেকেই জটিলতায় পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা নিতে দেরি হচ্ছে।
চিকিৎসকরা বলছেন, শিশুদের ক্ষেত্রে হামসহ যেকোনো রোগের লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। বিশেষ করে জ্বর, সর্দি বা শরীরে র্যাশ দেখা দিলে এক-দুই দিনের মধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
তারা আরও বলেন, অভিভাবকদের এ ধরনের উপসর্গ সম্পর্কে আরও সচেতন হতে হবে, যাতে দ্রুত রোগ শনাক্ত ও সঠিক চিকিৎসা নিশ্চিত করা যায়।


