মালয়েশিয়ার জোহর রাজ্যে অবৈধ অভিবাসীদের পরিচয় গোপন রেখে বাসা ভাড়া নেওয়ার অভিযোগে ৭ বাংলাদেশিসহ ২১ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
মঙ্গলবার (৭ এপ্রিল) জোহর রাজ্য অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিবৃতিতে বিভাগের পরিচালক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস জানান, কিছু স্থানীয় ব্যক্তি ও নিয়োগকর্তা অভিবাসীদের প্রকৃত পরিচয় আড়াল করে নিজেদের নামে বাসা ভাড়া নিয়ে তাদের অবৈধভাবে থাকার সুযোগ করে দিচ্ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ১০টার দিকে অভিযান পরিচালনা করা হয়। মার্সিং শাখার ৯ জন কর্মকর্তার একটি দল নির্মাণাধীন এলাকা, আবাসিক বাড়ি এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালায়। পূর্ব থেকেই নির্দিষ্ট কিছু এলাকায় অবৈধ বিদেশি শ্রমিকদের বসবাসের তথ্য ছিল কর্তৃপক্ষের কাছে। অভিযানের মাধ্যমে সেই কার্যক্রম নস্যাৎ করা হয়।
আটকদের মধ্যে ৭ জন বাংলাদেশি এবং ১৪ জন ইন্দোনেশীয় পুরুষ রয়েছেন। তাদের বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ইমিগ্রেশনের নজর এড়াতে স্থানীয় কয়েকজন ব্যক্তি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে তাদের আশ্রয়ের ব্যবস্থা করছিলেন।
আটক ২১ জনের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
বর্তমানে তাদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। পাশাপাশি, অবৈধ অভিবাসীদের তথ্য গোপন ও আশ্রয় দেওয়ার অভিযোগে চারজন স্থানীয় ব্যক্তিকে সাক্ষী হিসেবে তলব করেছে কর্তৃপক্ষ।গ সাফ জানিয়ে দিয়েছে, অবৈধ অভিবাসীদের প্রশ্রয়দাতা বা সহায়তাকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।


