
আজ ৩ মে বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে।
এবারের প্রতিপাদ্য— ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’।
দিবসটি উপলক্ষে দেশের সাংবাদিকরা পেশাগত অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
ইতিহাস অনুযায়ী, ইউনেস্কো-র ১৯৯১ সালের সুপারিশের ভিত্তিতে ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ৩ মে-কে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতিবছরই বিশ্বব্যাপী দিবসটি পালন করা হচ্ছে।
দিবসটির লক্ষ্য হলো সাংবাদিকতার স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ প্রতিরোধের গুরুত্ব তুলে ধরা। একই সঙ্গে দায়িত্ব পালনকালে নিহত সাংবাদিকদের স্মরণ ও তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
দিবসটি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। সকাল ৯টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালি তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।
পরে সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউস রোডে অবস্থিত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর-এর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।
দিবসটি উপলক্ষে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।