
বঙ্গোপসাগরে ১৩ জেলেসহ এফবি বরকত নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় সমুদ্রে থাকা অন্য একটি ট্রলারের সহায়তায় ৮ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো ৫ জেলের সন্ধান পাওয়া যায়নি।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে সাগরে ট্রলারডুবির খবর পেয়ে বিষয়টি নিশ্চিত করেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
জানা গেছে, সাগরে থাকা একটি মাছ ধরার ট্রলারের মাঝি পরিচয়ে এক ব্যক্তি মুঠোফোনে গোলাম মোস্তফা চৌধুরীকে এফবি বরকত ডুবে যাওয়ার খবর দেন। পরে ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে ডুবে যাওয়া ট্রলটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
নিখোঁজ জেলেদের উদ্ধারে পরে এফবি জহুরা খাতুন নামে একটি ট্রলার সাগরে পাঠানো হয়। এরই মধ্যে সমুদ্রে থাকা অন্য একটি ট্রলার এফবি বরকতে থাকা ১৩ জেলের মধ্যে ৮ জনকে জীবিত উদ্ধার করে। তবে বাকি ৫ জেলের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।
ট্রলার মালিক সমিতি সূত্রে জানা গেছে, ডুবে যাওয়া এফবি বরকতের মালিক পাথরঘাটা নতুন বাজার এলাকার মো. আশরাফ। নিখোঁজ জেলেদের উদ্ধারে সমুদ্রে অভিযান অব্যাহত রয়েছে।
গোলাম মোস্তফা চৌধুরী বলেন, গভীর সমুদ্রে ট্রলারডুবির খবর পাওয়ার পর নিখোঁজ জেলেদের উদ্ধারে দ্রুত একটি ট্রলার পাঠানো হয়েছে। পরে সমুদ্রে থাকা অন্য একটি ট্রলার ৮ জেলেকে উদ্ধার করেছে। এখনো ৫ জেলের সন্ধান পাওয়া যায়নি।