ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  • অন্যান্য

পঞ্চগড়ে তাপমাত্রা আরও কমে শীতের তীব্রতা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৫, ২০২৫ ১০:৩২ পূর্বাহ্ণ । ১৪২ জন

হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে শীতের দাপট দিন দিন বাড়ছে। গত কয়েকদিন ধরে দিন ও রাতের তাপমাত্রা ক্রমাগত হ্রাস পাচ্ছে। এতে শীতের অনুভূতি স্পষ্টভাবে বেড়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যার পর থেকেই এলাকায় অনুভূত হচ্ছে হালকা শীত, আর রাতভর ঘন কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। ভোরের দিকে কিছুটা কুয়াশা কেটে গেলেও সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শীত কিছুটা কম অনুভূত হয়। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সন্ধ্যার পর থেকে শীত বাড়ায় স্থানীয়রা ইতোমধ্যে গরম কাপড় ব্যবহার শুরু করেছেন। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যাও। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন, ফলে বাড়তি চাপ পড়েছে হাসপাতালগুলোতে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমশীতল বাতাসের কারণে পঞ্চগড়ে শীতের দাপট বেড়েছে। “আজ সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। গতকালও তাপমাত্রা ছিল ১৪ দশমিক ০ ডিগ্রি। সামনে আরও কয়েকদিন তাপমাত্রা কমতে পারে।”

এতে ধারণা করা হচ্ছে, দেশের সর্বউত্তরের এই জেলায় শীত আরও জেঁকে বসতে পারে।