ঢাকাসোমবার , ১২ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

নেত্রকোনায় বিদ্যালয়ের জমি ও সরকারি হালট থেকে ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর ২০২৬, ২:২৫ বিকাল

Link Copied!

নেত্রকোনার কলমাকান্দায় কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি ও সামনের সরকারি হালট দখল করে নির্মাণ করা ২২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। রোববার (১২ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এতে দীর্ঘদিনের দখলদারির অবসান হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। তবে উচ্ছেদ হওয়া কয়েকজন ব্যবসায়ী লিখিত নোটিশ না পাওয়ার অভিযোগ করেছেন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলমাকান্দা শহরের কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি ও সামনের সরকারি হালট দখল করে দীর্ঘদিন ধরে দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন কয়েকজন ব্যবসায়ী। এসব জায়গা দখলমুক্ত করার দাবিতে সম্প্রতি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা দুই দফায় মানববন্ধন করেন। পরে বিদ্যালয়ের জমি উদ্ধার, নিরাপদ খেলার মাঠ, বহুতল ভবন নির্মাণ এবং বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় স্থায়ী পদক্ষেপসহ ছয় দফা দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেন শিক্ষার্থীরা।

রোববারের অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুজ্জামান আসিফ। এ সময় এক্সকাভেটর দিয়ে অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলা হয় এবং নির্মাণসামগ্রী অপসারণ করা হয়। অভিযানে সদর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশের একটি দল উপস্থিত ছিল।

কলমাকান্দা সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মশিউর রহমান সেলিম বলেন, কলমাকান্দা মৌজার এসএ ১০ নম্বর দাগের সরকারি হালট এবং এসএ ৭৬ নম্বর দাগে অবস্থিত বিদ্যালয়ের জমি দীর্ঘদিন ধরে কিছু ব্যবসায়ী দখল করে রেখেছিলেন। গত এক সপ্তাহ ধরে তাঁদের একাধিকবার মৌখিকভাবে জায়গা ছেড়ে দিতে বলা হয়। কিন্তু তাঁরা জায়গা ছেড়ে না দেওয়ায় রোববার সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে।

তিনি বলেন, সরকারি জমি দখলমুক্ত করে জনস্বার্থ রক্ষা এবং বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনাই এ অভিযানের উদ্দেশ্য।

এদিকে উচ্ছেদ হওয়া দোকানের কয়েকজন ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করেছেন। নাম প্রকাশ না করার শর্তে অন্তত তিনজন ব্যবসায়ী বলেন, তাঁদের লিখিতভাবে কোনো নোটিশ দেওয়া হয়নি। তবে মৌখিকভাবে জায়গা ছেড়ে দিতে বলা হয়েছিল। দীর্ঘদিন ধরে সেখানে দোকান করে ব্যবসা চালিয়ে আসছিলেন তাঁরা। এখন কোথায় ব্যবসা করবেন, তা বুঝে উঠতে পারছেন না।

বিদ্যালয়ের শিক্ষার্থী মো. ফাহিম মিয়া, নৈঋতা পত্র নবিস ও ইনতিশার অরোরা ফারহাসহ কয়েকজন শিক্ষার্থী জানায়, বিদ্যালয়ের জমি ও সামনের সরকারি হালট থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে তারা পরপর দুবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। অবশেষে প্রশাসন অভিযান চালানোয় তাদের দাবি পূরণ হয়েছে। এ জন্য তারা প্রশাসনকে ধন্যবাদ জানায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শাহজাহান কবীর বলেন, বিদ্যালয়ের জমি ও সামনের সরকারি হালট দখলমুক্ত করায় উপজেলা প্রশাসনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন তাঁরা। এ উদ্যোগ বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ জন্য ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

প্রধান শিক্ষক আরও বলেন, শিশুদের জন্য নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়ের নতুন ভবন, সীমানাপ্রাচীর, প্রবেশগেট ও খেলার মাঠসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নেবে বলে আশা করছেন তাঁরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকারি স্বার্থসংশ্লিষ্ট জমি দখলমুক্ত করার কার্যক্রম চলছে। সরকারি সম্পত্তি রক্ষা ও জনস্বার্থ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

Tobacco Control Essential to Protect Public Health: State Minister for Land

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণের বিকল্প নেই: ভূমি প্রতিমন্ত্রী

এল নিনোর প্রভাবে ২০২৭ সালে বিশ্বে বাড়তে পারে তাপমাত্রা

নেত্রকোনায় বিদ্যালয়ের জমি ও সরকারি হালট থেকে ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

হুতি হামলার জেরে ঢাকা-রিয়াদ রুটে ৯ ফ্লাইট বাতিল

লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত

তুরস্কে পর্যটকবাহী বাস-টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১

অক্টোবরের প্রথম ১০ দিনে রেমিট্যান্স এলো ৯৯ কোটি ডলার

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ২৪

খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

জ্বালানি নিরাপত্তায় সৌদি আরব-কাতারের সহযোগিতা চায় বাংলাদেশ