ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬

নড়াইলে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ৬০ বছর বয়সী ব্যক্তির

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৭, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ণ । ১৮ জন

নড়াইলের লোহাগড়া উপজেলায় নাতিকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনের নিচে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব চর-কালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আকরাম মোল্যা (৬০)। তিনি উপজেলার চর-বকজুড়ি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়ি থেকে নাতি মাহিম মোল্যাকে নিয়ে বের হন আকরাম মোল্যা। পরে নাতিকে চর জঙ্গল মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে চর-কালনা এলাকায় রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, স্কুলটি রেললাইনের দক্ষিণ পাশে অবস্থিত এবং রেললাইনের উত্তর পাশে যাওয়ার জন্য আন্ডারপাস কিছুটা দূরে। এ কারণে দ্রুত পার হওয়ার জন্য তিনি রেললাইনের ওপর উঠলে দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

থানার উপপরিদর্শক আজিজুল তালুকদার বলেন, ‘মরদেহ উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়েছে। যেহেতু ঘটনাটি রেলওয়ের এলাকায়, তাই রেল পুলিশের কাছে বিষয়টি হস্তান্তর করা হয়েছে। তারা আইনগত ব্যবস্থা নেবে।’