ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  • অন্যান্য

জোজিলা পাসে ভয়াবহ তুষারধস, ৭ জন নিহত

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৮, ২০২৬ ১২:২৯ অপরাহ্ণ । ১৬ জন

ভারতের জম্মু-কাশ্মীর ও লাদাখকে সংযোগকারী জোজিলা পাস এলাকায় ভয়াবহ তুষারধসে অন্তত ৭ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) শ্রীনগর-লেহ জাতীয় মহাসড়ক (এনএইচ-১)-এ এই দুর্ঘটনা ঘটে। তুষারধসটি লাদাখ অংশে আঘাত হানলে কয়েকটি যাত্রীবাহী গাড়ি বরফের নিচে চাপা পড়ে যায় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

দুর্ঘটনার পর মহাসড়কটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বরফ সরানো এবং যান চলাচল স্বাভাবিক করতে প্রশাসন বড় পরিসরে উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম শুরু করেছে।

লাদাখের লেফটেন্যান্ট গভর্নর জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কারগিলের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ঘটনাস্থলে গিয়ে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি দুর্যোগ মোকাবিলা বাহিনী ও বর্ডার রোডস অর্গানাইজেশনকে (বিআরও) সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের সর্বোচ্চ সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

এদিকে বিআরও ও পুলিশ সদস্যরা ধ্বংসস্তূপ সরিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছেন, কেউ আটকে আছেন কি না তা খুঁজে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ৪৩৪ কিলোমিটার দীর্ঘ শ্রীনগর-লেহ মহাসড়কটি এই অঞ্চলের প্রধান যোগাযোগ মাধ্যম। ১১ হাজার ৫৭৫ ফুট উচ্চতায় অবস্থিত জোজিলা পাস দিয়ে অতিক্রম করতে হয় এই সড়কটি, যা শীতকালে তুষারপাতের কারণে প্রায়ই বন্ধ থাকে। এই ঝুঁকি কমাতে সেখানে একটি টানেল নির্মাণের কাজ চলছে।