ঢাকারবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

জাভায় ভূমিধসে মৃত ৫৩, নিখোঁজ ১০

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১, ২০২৬ ১২:০৭ অপরাহ্ণ । ২৮ জন

ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় এক সপ্তাহ আগে সংঘটিত ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। এখনো অন্তত ১০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির উদ্ধারকারী কর্তৃপক্ষ।

শনিবার (৩১ জানুয়ারি) উদ্ধার কর্মকর্তারা জানান, প্রবল বর্ষণের কারণে রাজধানী জাকার্তার দক্ষিণ-পূর্বাঞ্চলসংলগ্ন পাশিরলাঙ্গু গ্রামে এ ভূমিধসের ঘটনা ঘটে। এতে ৫০টিরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় ৬৫০ জন মানুষ বাস্তুচ্যুত হন।

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান দিয়ান পারমানা বলেন, শনিবার পর্যন্ত ৫৩ জনের মরদেহ উদ্ধার ও শনাক্ত করা হয়েছে। এর আগে নিহতের সংখ্যা ছিল ৪৪ জন। তিনি জানান, আবহাওয়া কিছুটা অনুকূলে থাকায় উদ্ধার কার্যক্রম জোরদার করা সম্ভব হচ্ছে।

হাজারো উদ্ধারকর্মী সেনাবাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় কাদার নিচে চাপা পড়া মানুষদের উদ্ধারে কাজ করছেন। ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানিয়েছে, প্রশিক্ষণরত তাদের ২৩ জন সদস্যও ভূমিধসে আটকা পড়েছেন।

পশ্চিম বান্দুং অঞ্চলে চলমান অনুসন্ধান ও উদ্ধার অভিযান আগামী শুক্রবার পর্যন্ত বাড়ানো হয়েছে। উল্লেখ্য, দেশটিতে বন উজাড় ও অতিবৃষ্টির কারণে প্রায়ই বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগ দেখা দেয়। গত বছরের শেষ দিকে সুমাত্রা দ্বীপে এমন দুর্যোগে প্রায় ১ হাজার ২০০ জন নিহত এবং ২ লাখ ৪০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছিল।