
রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গণে আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৫। মেলার উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। এ বছর মেলার প্রতিপাদ্য—“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”।
মেলা চলবে আগামী ২১ জুন, শনিবার পর্যন্ত এবং প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, “দৈনিক একজন পূর্ণবয়স্ক মানুষের ২০০ গ্রাম ফল খাওয়ার প্রয়োজন হলেও, আমরা গড়ে খাচ্ছি মাত্র ৫৫ থেকে ৬০ গ্রাম। এ ব্যবধান কমাতে ফল উৎপাদন বাড়ানো ও জনগণকে সচেতন করতে হবে।”
তিনি আরও বলেন, “দেশি ফল যেন হারিয়ে না যায়, সে জন্য তার জার্মপ্লাজম সংরক্ষণে উদ্যোগ নেওয়া হয়েছে।”
উদ্বোধনের পর উপদেষ্টা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং ফল উৎপাদনের প্রযুক্তিগত অগ্রগতির প্রশংসা করেন। এবারের মেলায় সরকারি ২৬টি ও বেসরকারি ৪৯টি—মোট ৭৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। দর্শনার্থীরা বিভিন্ন দেশি ফল ও ফল চাষ প্রযুক্তি সম্পর্কে জানার পাশাপাশি রাসায়নিকমুক্ত ফল কেনার সুযোগ পাচ্ছেন।
এ ছাড়া দেশের ৬৪টি জেলার ৪৩১টি উপজেলায়ও স্থানীয় পর্যায়ে ফল মেলা আয়োজন করা হয়েছে।
মেলা উপলক্ষে আয়োজিত বিশেষ সেমিনার “স্বাস্থ্য, পুষ্টি ও বাণিজ্যিকীকরণে দেশি ফল: বর্তমান প্রেক্ষিত, চ্যালেঞ্জ ও সম্ভাবনা”তে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আজিজুর রহমান। আলোচনায় অংশ নেন কৃষি গবেষণা ইনস্টিটিউট ও খাদ্য প্রকৌশল বিভাগের বিশেষজ্ঞরা।
সচিব বলেন, “এই মেলার মাধ্যমে দর্শনার্থীরা বিলুপ্তপ্রায় ও সম্ভাবনাময় দেশি ফল সম্পর্কে জানতে পারছেন, যা দেশের স্বাস্থ্য ও কৃষি অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”