
জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপের পরিবর্তে জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশগুলোর স্বার্থ রক্ষার চেষ্টা হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ। তবে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার সুস্পষ্ট অঙ্গীকার না থাকায় প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করেছে বিশ্বের অধিকাংশ সরকার। সম্মেলনটি ঐকমত্য ছাড়াই শেষ হলেও একে জলবায়ু আন্দোলনের জন্য ইতিবাচক ঘটনা হিসেবে দেখছেন জলবায়ুবিজ্ঞানী বিল হেয়ার।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এ সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত এক মতামতধর্মী নিবন্ধে তিনি বলেছেন, অর্থহীন একটি চুক্তিতে সম্মতি না দিয়ে বিশ্বের অধিকাংশ দেশ জীবাশ্ম জ্বালানির বড় উৎপাদকদের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাঁর মতে, এটি জলবায়ু আলোচনায় একটি গুরুত্বপূর্ণ মোড়।
বিল হেয়ার জলবায়ুবিষয়ক গবেষণা সংস্থা ক্লাইমেট অ্যানালিটিকসের প্রধান নির্বাহী। তিনি মনে করেন, তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ সম্মেলনের প্রস্তাবিত চুক্তিতে চলমান ভয়াবহ জলবায়ু জরুরি অবস্থার যথাযথ প্রতিফলন ছিল না। বিশেষ করে জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসার বিষয়ে কোনো সুস্পষ্ট প্রতিশ্রুতি না থাকায় চুক্তিটি কার্যত অর্থহীন হয়ে পড়েছিল।
জলবায়ু উষ্ণায়নের ঝুঁকি বাড়ছে
বিল হেয়ারের নিবন্ধ অনুযায়ী, গত ৩৫ বছর ধরে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আলোচনা ও দর-কষাকষি চলছে। কিন্তু এই সময়ে বৈশ্বিক উষ্ণতা প্রাক্-শিল্পযুগের তুলনায় প্রায় ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। পর্যবেক্ষিত উষ্ণতা বৃদ্ধির হার প্রতি দশকে ০.৩ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। ফলে প্যারিস জলবায়ু চুক্তির নির্ধারিত ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা অতিক্রমের ঝুঁকি ক্রমেই ঘনিয়ে আসছে।
তিনি বলেন, গত এক বছরে অস্ট্রেলিয়া থেকে ইউরোপ এবং দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে চরম আবহাওয়ার প্রভাব স্পষ্ট হয়েছে। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে সিডনি পর্যন্ত তীব্র গরম, দাবানল ও ঘরবাড়ি পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ইউরোপের ইতালি, গ্রিস, যুক্তরাজ্য ও স্পেনে তীব্র তাপপ্রবাহে আনুমানিক ৫০ হাজার মানুষের অকালমৃত্যু হয়েছে বলে নিবন্ধে উল্লেখ করা হয়েছে।
এশিয়ার পাকিস্তানেও তাপমাত্রা প্রায় ৫২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর কথা তুলে ধরেছেন তিনি। তাঁর মতে, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট জলবায়ু পরিবর্তন এসব চরম আবহাওয়াকে আরও তীব্র করে তুলছে।
জীবাশ্ম জ্বালানি রপ্তানিতে অস্ট্রেলিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন
নিবন্ধে অস্ট্রেলিয়ার জলবায়ুনীতি নিয়েও কঠোর সমালোচনা করেছেন বিল হেয়ার। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৯১ সালের তুলনায় দেশটির কয়লা রপ্তানি তিন গুণ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) রপ্তানি ২০ গুণ বেড়েছে। অভ্যন্তরীণ কর্মকাণ্ড ও জীবাশ্ম জ্বালানি রপ্তানি মিলিয়ে বৈশ্বিক জীবাশ্ম কার্বন নিঃসরণে অস্ট্রেলিয়ার অবদান প্রায় ৪ দশমিক ৩ শতাংশ বলে উল্লেখ করেছেন তিনি।
তাঁর অভিযোগ, একদিকে অস্ট্রেলিয়া আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে, অন্যদিকে আগামী দশকেও কয়লা ও গ্যাস রপ্তানি প্রায় বর্তমান পর্যায়ে ধরে রাখার পরিকল্পনা করছে। অথচ বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে এ সময়ের মধ্যে বিশ্বজুড়ে নিঃসরণ প্রায় অর্ধেকে নামিয়ে আনা প্রয়োজন।
অস্ট্রেলিয়ায় অনুমোদনের অপেক্ষায় থাকা চারটি বড় জীবাশ্ম জ্বালানি প্রকল্পের কথাও তুলে ধরেছেন তিনি। এগুলো হলো পশ্চিম অস্ট্রেলিয়ার স্কট রিফে ব্রাউজ গ্যাস প্রকল্প, কিম্বার্লি অঞ্চলের ভালহাল্লা ফ্র্যাকিং প্রকল্প, নর্দার্ন টেরিটরির বিটালু বেসিন ফ্র্যাকিং প্রকল্প এবং নিউ সাউথ ওয়েলসের হান্টার ভ্যালি কয়লাখনি। বিজ্ঞানীদের সংজ্ঞা অনুযায়ী, এসব প্রকল্পের প্রতিটি থেকে এক বিলিয়ন বা তার বেশি টন জীবাশ্ম কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ হতে পারে।
চুক্তিতে জীবাশ্ম জ্বালানির বদলে কার্বন সংরক্ষণ প্রযুক্তির উল্লেখ
কপ৩১-এর প্রস্তাবিত চুক্তির অন্যতম বড় সমালোচনা ছিল জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপ না থাকা। ব্রাজিলের উদ্যোগে শুরু হওয়া জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের রোডম্যাপের পরিবর্তে চূড়ান্ত খসড়ায় কার্বন ধারণ, ব্যবহার ও সংরক্ষণ প্রযুক্তির (সিসিইউএস) উল্লেখ রাখা হয়েছিল।
বিল হেয়ারের মতে, এ ধরনের প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা জীবাশ্ম জ্বালানি শিল্পের জন্য সুবিধা তৈরি করতে পারে। তিনি বিশেষ করে অস্ট্রেলিয়ার গর্গন প্রকল্পের উদাহরণ টেনে কার্বন ধারণ ও সংরক্ষণ প্রযুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এ ছাড়া ২০৩৫ সালের মধ্যে বিদ্যুতায়নের হার ৩৫ শতাংশে উন্নীত করার প্রস্তাব থাকলেও সেটিকে পরিচ্ছন্ন জ্বালানিনির্ভর করার সুস্পষ্ট শর্ত ছিল না বলে সমালোচনা করেন তিনি। তাঁর আশঙ্কা, বিদ্যুতায়ন প্রক্রিয়া পরিচ্ছন্ন জ্বালানিনির্ভর না হলে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ব্যবহার বাড়তে পারে এবং এর ফলে বৈশ্বিক উষ্ণায়ন আরও ত্বরান্বিত হতে পারে।
২০৩৫ সালের মধ্যে গ্যাসের চাহিদা কমাতে হবে ৪০ শতাংশ
নিবন্ধে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সাম্প্রতিক প্রতিবেদনের উল্লেখ করে বিল হেয়ার বলেন, বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে হলে ২০৩৫ সালের মধ্যে ২০২৫ সালের তুলনায় জীবাশ্ম গ্যাসের চাহিদা প্রায় ৪০ শতাংশ কমাতে হবে।
এ লক্ষ্য অর্জনে দ্রুত বিদ্যুতায়ন, জ্বালানির দক্ষ ব্যবহার বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রতিস্থাপনের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।
বিল হেয়ারের মতে, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে নাগরিকদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারগুলোর। অথচ নতুন কয়লা, তেল ও গ্যাস প্রকল্প সম্প্রসারণের উদ্যোগ সেই লক্ষ্যকে বাধাগ্রস্ত করছে।
সবশেষে তিনি বলেন, সরকারগুলো জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তরিক বলে দাবি করলেও তাদের বাস্তব কর্মকাণ্ড দিয়েই সেই আন্তরিকতা যাচাই করতে হবে। কপ৩১-এর ব্যর্থতা শুধু আন্তর্জাতিক আলোচনার ব্যর্থতা নয়, বরং জলবায়ু সংকট মোকাবিলায় দেশগুলোর বাস্তব পদক্ষেপের মধ্যকার অসংগতিও সামনে নিয়ে এসেছে।