ঢাকাশনিবার , ২১ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

জলবায়ু সংকট মোকাবিলায় কতটা প্রস্তুত বিশ্ব? কপ-৩১-এর খসড়ায় যা আছে

প্রতিবেদক
বিপ্লব হোসাইন
২১ নভেম্বর ২০২৬, ১:১৭ বিকাল

Link Copied!

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতাদের প্রতিশ্রুতি ও বাস্তব পদক্ষেপের মধ্যে ব্যবধান কতটা, তা আবারও সামনে এনেছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর খসড়া চুক্তি। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত সম্মেলনের খসড়া নথিতে জলবায়ু সংকট মোকাবিলার বিভিন্ন উদ্যোগের কথা থাকলেও জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার সুস্পষ্ট অঙ্গীকার, অর্থায়ন এবং বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের পরিবেশবিষয়ক সম্পাদক ফিওনা হার্ভের বিশ্লেষণে খসড়া চুক্তির বিভিন্ন প্রস্তাব, সীমাবদ্ধতা ও সম্ভাব্য প্রভাব তুলে ধরা হয়েছে। ২০ নভেম্বর প্রকাশিত ওই বিশ্লেষণে দেখানো হয়েছে, চুক্তির ভাষায় কী বলা হয়েছে, কোন বিষয়গুলো এড়িয়ে যাওয়া হয়েছে এবং সেগুলোর বাস্তব তাৎপর্য কী।

নতুন কোনো চুক্তি নয়, সিদ্ধান্ত ও প্রস্তাবের সমন্বয়

দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ অনুযায়ী, কপ-৩১-এর চূড়ান্ত নথিটি নতুন কোনো আন্তর্জাতিক চুক্তি হবে না। বরং এতে থাকবে বিভিন্ন সিদ্ধান্ত ও প্রস্তাব, যা প্যারিস চুক্তির কাঠামোর মধ্যে আইনি কার্যকারিতা রাখবে। ফলে নথিটি জলবায়ু কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ হলেও এর প্রতিটি বিষয় নিয়ে সব দেশের ঐকমত্য প্রয়োজন।

সব দেশের সম্মতি ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয়। এ কারণে খসড়া নথির অনেক বক্তব্য সতর্ক ও অস্পষ্ট রাখা হয়েছে। এতে দ্রুত ও জোরালো পদক্ষেপের প্রত্যাশী দেশগুলোর মধ্যে হতাশা তৈরি হয়েছে।

খসড়া নথিতে বলা হয়েছে, প্যারিস চুক্তির মাধ্যমে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস আগের ৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি থেকে কমে এসেছে। জাতীয় জলবায়ু পরিকল্পনাগুলো পুরোপুরি বাস্তবায়িত হলে তাপমাত্রা বৃদ্ধির হার প্রায় ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে সীমিত থাকতে পারে। তবে এই মাত্রাও প্যারিস চুক্তির ২ ডিগ্রির নিচে তাপমাত্রা বৃদ্ধি সীমিত রাখার লক্ষ্য এবং ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের আকাঙ্ক্ষিত সীমার তুলনায় অনেক বেশি।

১ দশমিক ৫ ডিগ্রির সীমা ছাড়ানোর স্বীকৃতি

কপ-৩১-এর খসড়া নথির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, বৈশ্বিক উষ্ণায়ন ইতোমধ্যে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা অতিক্রম করার আশঙ্কা বা বাস্তবতা স্বীকার করা। দ্য গার্ডিয়ানের বিশ্লেষণে বলা হয়েছে, জাতিসংঘের জলবায়ু কাঠামোর কোনো আনুষ্ঠানিক চুক্তিতে প্রথমবারের মতো তাপমাত্রার এই সীমা অতিক্রমের বিষয়টি স্বীকার করার প্রস্তাব এসেছে।

খসড়ায় বলা হয়েছে, ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা বৃদ্ধি যত দীর্ঘস্থায়ী হবে, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি তত বাড়বে। এতে ঘূর্ণিঝড়, বন্যা, খরা ও অন্যান্য চরম আবহাওয়াজনিত দুর্যোগের ঝুঁকি বাড়ার পাশাপাশি পরিবেশ ও প্রাকৃতিক ব্যবস্থায় অপরিবর্তনীয় ক্ষতি হতে পারে।

বিশেষ করে নিচু উপকূলীয় অঞ্চল ও দ্বীপরাষ্ট্রগুলোর জন্য এই পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই তাপমাত্রা বৃদ্ধির এই সীমা অতিক্রমের মাত্রা ও সময়কাল যতটা সম্ভব কমিয়ে আনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার অঙ্গীকার দুর্বল

খসড়া চুক্তির সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর একটি হলো জীবাশ্ম জ্বালানি। ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ-২৮ সম্মেলনে প্রথমবারের মতো জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে অঙ্গীকার করা হয়েছিল। কিন্তু কপ-৩১-এর খসড়ায় সেই ভাষার পরিবর্তে ‘কম গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ও জলবায়ু সহনশীল উন্নয়নের দিকে অপরিবর্তনীয় বৈশ্বিক রূপান্তর’ কথাটি ব্যবহার করা হয়েছে।

দ্য গার্ডিয়ানের বিশ্লেষণে বলা হয়েছে, এই ভাষা আগের অঙ্গীকারের তুলনায় অনেক দুর্বল। সৌদি আরবের নেতৃত্বাধীন আরব গোষ্ঠী, রাশিয়া এবং কয়েকটি উন্নয়নশীল দেশ আগের ‘জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা’ প্রতিশ্রুতির পরিবর্তে অপেক্ষাকৃত দুর্বল ভাষা ব্যবহারের পক্ষে অবস্থান নিয়েছে।

এ ছাড়া ২০৩৫ সালের মধ্যে মোট চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার প্রস্তাবও রাখা হয়েছে। ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা তিন গুণ করা এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধির বার্ষিক গড় হার দ্বিগুণ করার উদ্যোগের কথাও রয়েছে। তবে এসব লক্ষ্যকে বাধ্যতামূলক প্রতিশ্রুতি হিসেবে না রেখে বিভিন্ন স্বেচ্ছামূলক উদ্যোগের অংশ করা হয়েছে।

জলবায়ু অর্থায়নে বড় অঙ্কের ঘাটতি

উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন খসড়া চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। এতে বলা হয়েছে, উন্নয়নশীল দেশগুলোর জাতীয় জলবায়ু পরিকল্পনা বাস্তবায়নে ২০৩০ সাল পর্যন্ত মোট ৫ দশমিক ১ ট্রিলিয়ন থেকে ৬ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার প্রয়োজন। অর্থাৎ বছরে গড়ে ৪৫৫ বিলিয়ন থেকে ৫৮৪ বিলিয়ন ডলার প্রয়োজন হবে।

অন্যদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন খাতে ২০৩৫ সাল পর্যন্ত বছরে প্রায় ৩০৫ বিলিয়ন ডলার প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে। অথচ বর্তমানে জলবায়ু অর্থায়নের প্রবাহ প্রয়োজনের তুলনায় অনেক কম।

২০২৪ সালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ সম্মেলনে উন্নত দেশগুলো ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য সরকারি উৎস থেকে বছরে ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের লক্ষ্য নির্ধারণ করেছিল। পাশাপাশি সরকারি ও বেসরকারি অন্যান্য উৎস থেকে বছরে ১ ট্রিলিয়ন ডলার অর্থায়নের প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যও নেওয়া হয়।

কপ-৩১-এর খসড়ায় ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন অন্তত তিন গুণ বাড়ানোর প্রচেষ্টার কথা বলা হয়েছে। এ জন্য ‘আনতালিয়া-টু-আদ্দিস আবাবা রোডম্যাপ অন অ্যাডাপটেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফাইন্যান্স’ চালুর প্রস্তাব রয়েছে। এর লক্ষ্য হলো অভিযোজন ও জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থায়নের নির্ভরযোগ্য উৎস চিহ্নিত করা এবং অর্থ পাওয়ার প্রক্রিয়া সহজ করা।

তবে দ্য গার্ডিয়ানের বিশ্লেষণে বলা হয়েছে, শুধু নতুন রোডম্যাপ তৈরি করলেই অর্থায়নের সমস্যা সমাধান হবে না। উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু তহবিল পাওয়া এখনো জটিল। আবেদন প্রক্রিয়া, শর্ত পূরণ এবং অর্থ ব্যবহারের সক্ষমতা প্রমাণের মতো বিষয়গুলো অর্থপ্রাপ্তিতে বাধা সৃষ্টি করছে। প্রতিশ্রুত অর্থ ছাড় করতেও দাতাদের দীর্ঘ সময় লেগে যাচ্ছে।

ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিলেও ঘাটতি

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় গঠিত লস অ্যান্ড ড্যামেজ ফান্ড নিয়েও খসড়ায় গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, বার্বাডোস ইমপ্লিমেন্টেশন মডালিটিজের আওতায় প্রায় ২ দশমিক ৮ বিলিয়ন ডলারের অর্থায়ন আবেদন জমা পড়েছে। বিপরীতে বরাদ্দ রয়েছে মাত্র ৩৪২ মিলিয়ন ডলার। অন্যদিকে ৮২২ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতির মধ্যে মাত্র ৫০ শতাংশ অর্থ বাস্তবে অনুদান হিসেবে এসেছে।

এ ছাড়া সান্তিয়াগো নেটওয়ার্ক এবং ওয়ারশ ইন্টারন্যাশনাল মেকানিজমের নির্বাহী কমিটিও প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত অর্থ পাচ্ছে না।

দ্য গার্ডিয়ানের উদাহরণ অনুযায়ী, গত সেপ্টেম্বরে নেপালে হিমবাহ ধসে ভয়াবহ দুর্যোগের পর ক্ষতিগ্রস্তদের সহায়তায় লস অ্যান্ড ড্যামেজ ফান্ড থেকে মাত্র ২১ মিলিয়ন ডলার দেওয়া হয়েছিল। এ ঘটনা জলবায়ু ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়নের সীমাবদ্ধতা তুলে ধরে।

সমুদ্র, বন ও আগাম সতর্কবার্তায় গুরুত্ব

খসড়া চুক্তিতে সমুদ্রের উষ্ণতা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া এবং জীববৈচিত্র্যের ক্ষতি মোকাবিলায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সমুদ্রভিত্তিক জলবায়ু উদ্যোগ, সমুদ্র পর্যবেক্ষণ, আগাম সতর্কবার্তা এবং সংশ্লিষ্ট প্রযুক্তিতে সহায়তা বাড়ানোর কথা বলা হয়েছে।

এ ছাড়া বন ও অন্যান্য প্রাকৃতিক প্রতিবেশ সংরক্ষণ, পুনরুদ্ধার এবং টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রস্তাব রয়েছে।

২০২৭ সালের মধ্যে বিশ্বের সব মানুষের জন্য বহুঝুঁকিভিত্তিক আগাম সতর্কবার্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যও পুনর্ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি জলবায়ু ঝুঁকি পর্যবেক্ষণ, আবহাওয়ার পূর্বাভাস, দুর্যোগ প্রস্তুতি এবং অভিযোজন পরিকল্পনা শক্তিশালী করার কথা বলা হয়েছে।

খসড়ায় মিথেনসহ কার্বন ডাই-অক্সাইডবহির্ভূত গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এসব গ্যাসের নিঃসরণ কমানো গেলে স্বল্পমেয়াদে বৈশ্বিক উষ্ণায়নের গতি নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া সম্ভব।

কার্বন ধারণ প্রযুক্তি নিয়ে বিতর্ক

কার্বন ধারণ, ব্যবহার ও সংরক্ষণ প্রযুক্তি (CCUS) এবং কার্বন ডাই-অক্সাইড অপসারণ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রস্তাবও রয়েছে খসড়া চুক্তিতে।

তবে এ নিয়ে পরিবেশবাদী সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ রয়েছে। তাদের একাংশের মতে, কার্বন ধারণ প্রযুক্তিকে অতিরিক্ত গুরুত্ব দিলে জীবাশ্ম জ্বালানিশিল্পের কার্যক্রম অব্যাহত রাখার সুযোগ তৈরি হতে পারে। অন্যদিকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তাপমাত্রা বৃদ্ধির সীমা নিয়ন্ত্রণে রাখতে এ প্রযুক্তির প্রয়োজনীয়তার কথাও বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় উঠে এসেছে।

দ্য গার্ডিয়ানের বিশ্লেষণে বলা হয়েছে, সৌদি আরব ও আরব গোষ্ঠী চূড়ান্ত নথিতে কার্বন ধারণ প্রযুক্তির বিষয়টি রাখতে আগ্রহী। ফলে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে আরও শক্তিশালী ভাষা অন্তর্ভুক্ত করার আলোচনায় এটি দর-কষাকষির একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে।

বাণিজ্য, ন্যায্য রূপান্তর ও বিজ্ঞান নিয়েও প্রশ্ন

খসড়া চুক্তিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেওয়া পদক্ষেপের কারণে আন্তর্জাতিক বাণিজ্যে বৈষম্য তৈরি না করার বিষয়েও আলোচনা রয়েছে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম (CBAM) নিয়ে উন্নয়নশীল দেশগুলোর উদ্বেগ তুলে ধরা হয়েছে।

এই ব্যবস্থার আওতায় ইউরোপীয় ইউনিয়নে আমদানি করা ইস্পাত, রাসায়নিকসহ উচ্চ কার্বন নিঃসরণকারী পণ্যের ওপর কার্বন নিঃসরণসংক্রান্ত খরচ আরোপ করা হয়। ইউরোপীয় ইউনিয়নের যুক্তি, নিজেদের শিল্পপ্রতিষ্ঠানকে কার্বন নিঃসরণের জন্য অর্থ দিতে হলে বিদেশি উৎপাদকদের ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা থাকা প্রয়োজন। তবে ভারতসহ কয়েকটি দেশ একে বাণিজ্যিক সুরক্ষাবাদের কৌশল হিসেবে দেখছে।

অন্যদিকে খসড়া চুক্তিতে শ্রমিকদের জীবাশ্ম জ্বালানিনির্ভর শিল্প থেকে পরিবেশবান্ধব কর্মসংস্থানে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় সহায়তা বা ‘জাস্ট ট্রানজিশন’-এর উল্লেখ নেই। অথচ এ বিষয়ে কপ-৩১ সম্মেলনে আলাদা আলোচনা চলছে।

জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক প্যানেল আইপিসিসির সপ্তম মূল্যায়ন প্রতিবেদনের সময়সূচি নিয়েও মতবিরোধ রয়েছে। সৌদি আরব, রাশিয়া, ভারত ও কেনিয়াসহ কয়েকটি দেশ ২০২৮ সালে প্রতিবেদন প্রকাশের প্রস্তাবিত সময়সূচি নিয়ে আপত্তি জানিয়েছে। তাদের দাবি, এতে উন্নয়নশীল দেশগুলোর গবেষণা ও বৈজ্ঞানিক তথ্য আরও বেশি অন্তর্ভুক্ত করার সুযোগ থাকা প্রয়োজন।

সব মিলিয়ে কপ-৩১-এর খসড়া চুক্তিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ ও লক্ষ্যের কথা থাকলেও জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা, অর্থায়ন নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন সক্ষমতা বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো সীমাবদ্ধতা রয়েছে। ফলে চূড়ান্ত নথিতে এসব বিষয়ে কতটা শক্তিশালী ও কার্যকর অঙ্গীকার যুক্ত হয়, সেটিই এখন আন্তর্জাতিক জলবায়ু আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন।

Facebook Comments Box

আরও পড়ুন

হঠাৎ কেন ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করছে মালয়েশিয়া?

‘হৃৎপিণ্ডের অনিয়মিত স্পন্দন’ রোধে ৪টি কার্যকর উপায়

ঢাকায় আবিষ্কৃত যে চিকিৎসা পদ্ধতি বাঁচিয়েছে ৭ কোটি শিশুর প্রাণ

নিয়মিত বাদাম খাওয়ায় বাড়ে মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার : আইসিজের রায়

রোহিঙ্গা নির্যাতন বন্ধে জাতিসংঘে মানবাধিকার প্রস্তাব পাস, ১২৮ দেশের সমর্থন

শাপলা একাডেমিতে ‘হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয়’ শীর্ষক কার্যক্রমের উদ্বোধন

DNCC Observes World Day of Remembrance for Road Traffic Victims

পথচারীদের নিরাপত্তায় ফুটপাত দখলমুক্ত করতে কাজ করছে ডিএনসিসি

শেষ ভরসার অ্যান্টিবায়োটিকও হারাচ্ছে কার্যকারিতা, বাড়ছে মৃত্যুঝুঁকি

শুধু ঝড়-বৃষ্টি নয়, সুপার এল নিনো ঘটাতে পারে আরও যেসব অদ্ভুত ঘটনা

৫.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান