ঢাকাশনিবার , ২১ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

জলবায়ু রক্ষার সম্মেলনেই বিপত্তি, চুক্তি থেকে বাদ পড়ল কয়লা-তেল-গ্যাস!

প্রতিবেদক
বিপ্লব হোসাইন
২১ নভেম্বর ২০২৬, ১২:৩৮ বিকাল

Link Copied!

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতাদের গুরুত্বপূর্ণ সম্মেলন কপ-৩১-এর আলোচনা নির্ধারিত সময় পেরিয়ে গড়িয়েছে। সম্মেলনের খসড়া চুক্তি থেকে কয়লা, তেল ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের বিষয়টি পুরোপুরি বাদ পড়ায় প্রায় ২০০ দেশের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। একই সঙ্গে জলবায়ু অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর এবং উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন সক্ষমতা বাড়ানোর অর্থায়ন নিয়েও অচলাবস্থা তৈরি হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলনের শেষ নির্ধারিত দিনে এসব বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেননি আলোচকেরা। ফলে নির্ধারিত সময়ের পরও আলোচনা চালিয়ে যেতে হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

দুই সপ্তাহের আলোচনা শেষে সম্মেলনের প্রথম খসড়া চুক্তিতে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার দ্রুত পর্যায়ক্রমে বন্ধ করার বিষয়ে জোরালো প্রস্তাব ছিল। কিন্তু বৃহস্পতিবার প্রকাশিত দ্বিতীয় ও সংক্ষিপ্ত খসড়া থেকে জীবাশ্ম জ্বালানির বিষয়ে সব উল্লেখ বাদ দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যুতের ব্যবহার বাড়ানোর লক্ষ্যমাত্রাও আগের তুলনায় দুর্বল করা হয়।

এ নিয়ে সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশ ও পরিবেশবাদী সংগঠনের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। নাগরিক সমাজের প্রতিনিধিরা সম্মেলনের অগ্রগতিতে হতাশা প্রকাশ করে একে ‘এ যাবৎকালের সবচেয়ে খারাপ কপ সম্মেলন’ বলে মন্তব্য করেছেন। তাঁদের অভিযোগ, আলোচনায় তাঁদের গুরুত্বপূর্ণ দাবিগুলোর কোনোটি চূড়ান্ত খসড়ায় স্থান পায়নি। বিশেষ করে গত বছরের সম্মেলনে সম্মত হওয়া ন্যায্য জ্বালানি রূপান্তর প্রক্রিয়া (Just Transition Mechanism) এগিয়ে নেওয়ার বিষয়ে কোনো অগ্রগতি না হওয়ায় তাঁরা ক্ষুব্ধ।

জীবাশ্ম জ্বালানি নিয়ে আট দেশের আপত্তি

খসড়া চুক্তিতে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়টি পুনরায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে আটটি দেশ। পানামা, বেলজিয়াম, আইভরি কোস্ট, ফিনল্যান্ড, গ্রিস, সলোমন দ্বীপপুঞ্জ ও সুইডেনসহ দেশগুলো চুক্তিতে ‘জীবাশ্ম জ্বালানি থেকে সুস্পষ্ট রূপান্তরের’ অঙ্গীকার রাখার আহ্বান জানিয়েছে। পাশাপাশি জলবায়ু দূষণের জন্য দায়ী দেশগুলোকে উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন তহবিলে অর্থ দেওয়ার বিষয়টিও নিশ্চিত করার দাবি তুলেছে তারা।

পানামার জলবায়ুবিষয়ক মন্ত্রী হুয়ান কার্লোস নাভারো বলেন, জীবাশ্ম জ্বালানির কোনো উল্লেখ ছাড়াই কপ সম্মেলন বা চূড়ান্ত সিদ্ধান্তের নথি গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের অবস্থান তাঁরা মেনে নেবেন না। আলোচনায় প্রকৃত পরিস্থিতি স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

এর আগে পানামা সম্মেলনের আলোচনার দায়িত্বে থাকা অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী ক্রিস বোয়েনের কাছে একটি খোলা চিঠি পাঠিয়ে তাদের দাবিগুলো তুলে ধরে। দেশটি জানায়, এসব দাবি তাদের কাছে আপসহীন। তবে অস্ট্রেলিয়ার মন্ত্রী বলেন, আলোচনায় বিভিন্ন দেশের মতামত ও কঠোর অবস্থান থাকলেও সমঝোতায় পৌঁছানোর চেষ্টা অব্যাহত রয়েছে। কোনো দেশই এখন পর্যন্ত আলোচনা থেকে সরে যাওয়ার কথা জানায়নি।

জলবায়ু অর্থায়ন নিয়ে ক্ষুব্ধ আফ্রিকার দেশগুলো

জলবায়ু অর্থায়ন নিয়েও সম্মেলনে বড় ধরনের মতবিরোধ দেখা দিয়েছে। শুক্রবার ঘানা, জাম্বিয়া, সেনেগাল, কেনিয়া ও সিয়েরা লিওনের মন্ত্রীরা এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, যে জলবায়ু সংকটের জন্য আফ্রিকার দেশগুলো দায়ী নয়, সেই সংকটের আর্থিক বোঝা তাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।

তাঁদের অভিযোগ, উন্নত দেশগুলো কার্বন করের মাধ্যমে আফ্রিকার দেশগুলোর গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ ব্যবহার করে শিল্পায়নের পথেও বাধা সৃষ্টি করতে চাইছে। আফ্রিকার দেশগুলোর দাবি, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় অর্থ ও সহায়তা নিশ্চিত না করে শুধু প্রতিশ্রুতি দেওয়া হলে তা গ্রহণযোগ্য হবে না।

ঘানার মন্ত্রী এবং আফ্রিকান গ্রুপ অব নেগোশিয়েটরসের প্রধান জ্যানেটর আগিয়েম্যান-রলিংস বলেন, প্রয়োজনীয় সম্পদ ও অর্থায়ন ছাড়া কোনো ঘোষণাকে আফ্রিকা গ্রহণ করবে না। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ন্যায্য অধিকার আদায় করতেই তাঁরা সম্মেলনে এসেছেন।

এদিকে জলবায়ু অর্থায়নে অগ্রগতি বাধাগ্রস্ত করার জন্য ইউরোপীয় ইউনিয়নসহ ধনী দেশগুলোর সমালোচনা করেছেন নাগরিক সমাজের পর্যবেক্ষকেরা। তবে ইউরোপের প্রধান জলবায়ু আলোচক দাবি করেছেন, জলবায়ু অর্থায়নে ইউরোপীয় ইউনিয়নই বিশ্বে সবচেয়ে বেশি অবদান রাখছে। ইইউর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ২০২৫ সালে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার জন্য ইউরোপীয় ইউনিয়ন ও এর সদস্যদেশগুলো সরকারি উৎস থেকে ৩২ দশমিক ৩ বিলিয়ন ইউরো দিয়েছে। পাশাপাশি বেসরকারি খাত থেকে আরও ৯ দশমিক ৩ বিলিয়ন ইউরো অর্থায়ন সংগ্রহ করেছে।

কার্বন ধারণ প্রযুক্তি নিয়েও বিতর্ক

সম্মেলনের খসড়া চুক্তিতে কার্বন ধারণ, ব্যবহার ও সংরক্ষণ প্রযুক্তি (CCUS) অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবসহ কয়েকটি দেশ চূড়ান্ত চুক্তিতে এই প্রযুক্তির বিষয়ে জোরালো উল্লেখ রাখার পক্ষে অবস্থান নিয়েছে।

তবে জলবায়ু বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, এই প্রযুক্তিকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে জীবাশ্ম জ্বালানির ব্যবহার অব্যাহত রাখার সুযোগ তৈরি হতে পারে। জলবায়ুবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ক্লাইমেট অ্যানালিটিকসের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ নিল গ্রান্টের মতে, জীবাশ্ম জ্বালানি সংশ্লিষ্ট স্বার্থগোষ্ঠীর কারণেই খসড়ায় কার্বন ধারণ প্রযুক্তির বিষয়টি যুক্ত করার চেষ্টা চলছে। তাঁর ভাষায়, এটি জীবাশ্ম জ্বালানি শিল্পের স্বার্থ রক্ষার একটি কৌশল হতে পারে।

এদিকে সম্মেলনের নির্ধারিত সময় শেষ হলেও আলোচনার অগ্রগতি না হওয়ায় নতুন খসড়া চুক্তি প্রকাশে বিলম্ব হচ্ছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে নতুন খসড়া প্রকাশিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু সম্মেলনগুলোর মধ্যে ২০০৩ সালে ইতালিতে অনুষ্ঠিত সম্মেলনটিই সর্বশেষ নির্ধারিত সময়ে শেষ হয়েছিল। পরবর্তী অনেক সম্মেলনই নির্ধারিত শুক্রবারের সময়সীমা পেরিয়ে রোববার পর্যন্ত গড়িয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

ঢাকায় আবিষ্কৃত যে চিকিৎসা পদ্ধতি বাঁচিয়েছে ৭ কোটি শিশুর প্রাণ

নিয়মিত বাদাম খাওয়ায় বাড়ে মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার : আইসিজের রায়

রোহিঙ্গা নির্যাতন বন্ধে জাতিসংঘে মানবাধিকার প্রস্তাব পাস, ১২৮ দেশের সমর্থন

শাপলা একাডেমিতে ‘হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয়’ শীর্ষক কার্যক্রমের উদ্বোধন

DNCC Observes World Day of Remembrance for Road Traffic Victims

পথচারীদের নিরাপত্তায় ফুটপাত দখলমুক্ত করতে কাজ করছে ডিএনসিসি

শেষ ভরসার অ্যান্টিবায়োটিকও হারাচ্ছে কার্যকারিতা, বাড়ছে মৃত্যুঝুঁকি

শুধু ঝড়-বৃষ্টি নয়, সুপার এল নিনো ঘটাতে পারে আরও যেসব অদ্ভুত ঘটনা

৫.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

নলছিটিতে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল হেলপারের, আহত বহু

জলবায়ু পরিবর্তনে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে মেক্সিকোর গ্রাম