ঢাকামঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

জলবায়ু পরিবর্তনে বদলাচ্ছে মৌমাছির আচরণ, অকল্যান্ডে ঝাঁকের ছড়াছড়ি

প্রতিবেদক
বিপ্লব হোসাইন
১০ নভেম্বর ২০২৬, ১১:৩৯ সকাল

Link Copied!

নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ডে অস্বাভাবিকভাবে বেড়েছে মৌমাছির ঝাঁক। পার্ক করা গাড়ি থেকে শুরু করে শহরের ব্যস্ত সড়কের সাইনবোর্ড-বিভিন্ন জায়গায় হাজার হাজার মৌমাছিকে একসঙ্গে জড়ো হতে দেখা যাচ্ছে। স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক সপ্তাহ আগেই শুরু হয়েছে এ বছরের মৌমাছির ঝাঁক বাঁধার মৌসুম। বিশেষজ্ঞদের ধারণা, দেশটিতে তুলনামূলক উষ্ণ শীত ও বসন্তের শুরুতে বেশি তাপমাত্রার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, অকল্যান্ড মৌমাছি পালনকারী সমিতি প্রতিদিন মৌমাছির ঝাঁক সরানোর জন্য পাঁচ থেকে ১০টি ফোন পাচ্ছে। আগের বছরগুলোতে এ সংখ্যা ছিল দিনে পাঁচটিরও কম। ইতোমধ্যে সমিতির সদস্যরা অন্তত ১০০টি ঘটনায় মৌমাছির ঝাঁক সরাতে কাজ করেছেন।

গত অক্টোবর মাসে অকল্যান্ডের বিরকেনহেড এলাকায় একটি পার্ক করা গাড়ির পেছনের অংশে মৌমাছির বিশাল ঝাঁক বসে থাকতে দেখা যায়। প্রায় দুই ঘণ্টা ধরে সেখানে মৌমাছিগুলো অবস্থান করে। আশ্চর্যের বিষয়, ওই সময় গাড়ির ভেতরে একজন নারী ঘুমাচ্ছিলেন। এর এক মাস আগে শহরের ব্যস্ত বাণিজ্যিক সড়ক কুইন স্ট্রিটের একটি সাইনবোর্ডেও মৌমাছির ঝাঁক দেখা যায়। এতে পথচারীদের চলাচলের পথ পরিবর্তন করতে হয়েছিল।

বিশেষজ্ঞরা বলছেন, বসন্ত ও গ্রীষ্মের শুরুর দিকে মৌমাছির ঝাঁক বাঁধা একটি স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া। কোনো মৌচাকে মৌমাছির সংখ্যা বেড়ে গেলে জায়গার সংকট তৈরি হয়। তখন পুরোনো রানি মৌমাছি শ্রমিক মৌমাছির একটি বড় অংশ নিয়ে নতুন বাসস্থানের সন্ধানে বেরিয়ে পড়ে। এ সময় মৌমাছিরা সাময়িকভাবে কোনো গাছ, গাড়ি, বাড়ি কিংবা সড়কের বিভিন্ন স্থানে জড়ো হয়। অন্যদিকে অনুসন্ধানী মৌমাছিরা নতুন বাসা তৈরির উপযুক্ত জায়গা খুঁজতে থাকে।

অকল্যান্ড মৌমাছি পালনকারী সমিতির ঝাঁক নিয়ন্ত্রণবিষয়ক সমন্বয়ক ব্রায়ান ল্যাং বলেন, মৌমাছির ঝাঁক বাঁধার কারণে একটি মৌচাকের প্রায় দুই-তৃতীয়াংশ মৌমাছি হারাতে পারেন মৌচাষিরা। বিশেষ করে মধু সংগ্রহের মৌসুমের ঠিক আগে এমন ঘটনা ঘটলে তা মৌচাষিদের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

সমিতির সভাপতি কেন ব্রাউন মনে করেন, তুলনামূলক উষ্ণ শীত ও বসন্তের শুরুতে বেশি তাপমাত্রার কারণে এবার মৌমাছির ঝাঁক বাঁধার প্রবণতা বেড়েছে। তাঁর মতে, স্বাভাবিক সময়ের কয়েক সপ্তাহ আগেই মৌমাছিরা মৌচাক ছেড়ে বেরিয়ে আসছে। একই সঙ্গে প্রতিটি ঝাঁকে মৌমাছির সংখ্যাও বেশি দেখা যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে নিউজিল্যান্ডে রেকর্ড অনুযায়ী তৃতীয় উষ্ণতম শীতকাল ছিল। দেশটির আর্থ সায়েন্সেস নিউজিল্যান্ডের তথ্যেও বিষয়টি উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে শীতকালে তাপমাত্রা বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যান্য অঞ্চল, বিশেষ করে উত্তর আমেরিকাতেও মৌমাছির আচরণে পরিবর্তন দেখা যাচ্ছে।

কেন ব্রাউনের মতে, শীতকালে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকলে মৌমাছির প্রজনন প্রক্রিয়া দ্রুত এগিয়ে যেতে পারে। এতে মৌচাকে ডিম, লার্ভা ও পিউপার সংখ্যা বাড়ে। পরজীবী মাইটের আক্রমণ থেকে বেঁচে যাওয়া মৌমাছিরা আরও শক্তিশালী হয়ে ওঠে এবং স্বাভাবিক সময়ের আগেই নতুন ঝাঁক তৈরির উপযোগী হয়ে যায়।

তবে এই পরিস্থিতির কিছু ঝুঁকিও রয়েছে। ভিক্টোরিয়া ইউনিভার্সিটির কীটতত্ত্ববিদ ও পরিবেশবিদ অধ্যাপক ফিল লেস্টার বলেন, যেসব মৌমাছির ঝাঁক নিয়ন্ত্রণ বা সংগ্রহ করা সম্ভব হয় না, সেগুলো অন্য মৌমাছি কিংবা স্থানীয় প্রজাতির মৌমাছির জন্য ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে এসব ঝাঁকের মধ্যে ভারোয়া মাইট থাকলে তা অন্য মৌমাছির মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ভারোয়া মাইট মৌমাছি ও তাদের বাচ্চার শরীরে আক্রমণকারী ক্ষতিকর পরজীবী।

অবশ্য মৌমাছির সংখ্যা বৃদ্ধি সব দিক থেকে নেতিবাচক নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অধ্যাপক ফিল লেস্টারের মতে, মৌমাছির ঝাঁক বেড়ে যাওয়ার অর্থ হতে পারে, এ বছর মৌমাছির সংখ্যা ও প্রজনন আগেভাগেই বেড়েছে। এটি মৌমাছির জন্য ভালো একটি মৌসুমের ইঙ্গিতও হতে পারে।

অন্যদিকে কেন ব্রাউন মনে করেন, আবহাওয়ার চরমভাবাপন্নতা ও পরিবর্তিত আবহাওয়ার ধরন মৌমাছি পালনকে আগের চেয়ে অনেক বেশি অনিশ্চিত করে তুলছে। প্রতিবছর আবহাওয়ার পার্থক্য থাকলেও সাম্প্রতিক সময়ে সেই পরিবর্তন আরও বেশি স্পষ্ট হচ্ছে।

সব মিলিয়ে অকল্যান্ডে মৌমাছির অস্বাভাবিক ঝাঁক একদিকে উষ্ণ আবহাওয়ার সঙ্গে মৌমাছির আচরণের পরিবর্তন তুলে ধরছে, অন্যদিকে মৌচাষ ও জীববৈচিত্র্য রক্ষায় নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

Facebook Comments Box

আরও পড়ুন

A Celebration of Style- Apex Brings the Joy of the Shopping Experience to 11.11

১১.১১ উপলক্ষে এপেক্সে ২২ শতাংশ পর্যন্ত ছাড়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার আশায় কমল তেলের দাম

১৫ হাজার শিশুকে বিকাশের সেবা, গবেষণায় মিলল না উল্লেখযোগ্য সুফল

হালকা কুয়াশা আর হিমেল বাতাসে শীতের ছোঁয়া পঞ্চগড়ে

উত্তপ্ত হচ্ছে সমুদ্র, গলছে হিমবাহ, ভয়াবহ ভবিষ্যতের মুখে পৃথিবী

vivo Launches New Flagship Smartphone V80 in Bangladesh

বাংলাদেশে লঞ্চ হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ভি৮০

DAM Expresses Gratitude to Prime Minister’s Initiative

প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়ে ঢাকা আহ্ছানিয়া মিশনের কৃতজ্ঞতা প্রকাশ

ডেঙ্গু চিকিৎসায় আড়াই কোটি টাকার বেশি বীমা দাবি পরিশোধ করল মেটলাইফ

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট