
জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক ঐকমত্য তৈরির অন্যতম প্রধান আন্তর্জাতিক প্ল্যাটফর্ম জাতিসংঘের জলবায়ু সম্মেলন। তবে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ (COP31) কোনো গুরুত্বপূর্ণ চুক্তি ছাড়াই শেষ হওয়ায় সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিদ্যমান সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়ার নিয়ম সংস্কারের দাবি জানিয়েছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরসহ আন্তর্জাতিক জলবায়ু বিশেষজ্ঞ ও কূটনীতিকেরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, তুরস্ক ও অস্ট্রেলিয়ার যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত কপ৩১ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য সহায়তা এবং বিশ্বজুড়ে জলবায়ু কার্যক্রম ত্বরান্বিত করতে একটি গুরুত্বপূর্ণ চুক্তি করার লক্ষ্য ছিল। কিন্তু সম্মেলনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গ্রহণের নিয়মের কারণে শেষ পর্যন্ত সেই উদ্যোগ সফল হয়নি।
সম্মেলনের চূড়ান্ত অধিবেশনে ‘আনতালিয়া প্যাক্ট’ নামে পরিচিত প্রস্তাবিত চুক্তিটি আটকে যায়। চূড়ান্ত খসড়ায় জলবায়ু সংকট মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার বিষয়টি উল্লেখ না থাকায় অনেক দেশ অসন্তোষ প্রকাশ করে। বিশেষ করে তেল উৎপাদনকারী দেশগুলোর আপত্তির মুখে জীবাশ্ম জ্বালানি নিয়ে সুস্পষ্ট অবস্থান ছাড়াই চুক্তি এগিয়ে নেওয়ার চেষ্টা নিয়ে সমালোচনা তৈরি হয়।
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও জলবায়ু আন্দোলনের অন্যতম নেতা আল গোর সম্মেলনের এই ব্যর্থতাকে ক্ষোভজনক বলে অভিহিত করেছেন। তাঁর মতে, বিশ্বের নেতারা এখন আর সর্বনিম্ন সমঝোতার ভিত্তিতে তৈরি দুর্বল সিদ্ধান্ত মেনে নিতে চান না। তাঁরা জীবাশ্ম জ্বালানি থেকে ন্যায়সংগত উত্তরণ বাস্তবায়ন এবং এ জন্য প্রয়োজনীয় অর্থায়নে কার্যকর পদক্ষেপ চান। দীর্ঘদিন ধরেই কপ সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বড় ধরনের সংস্কারের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, কপ৩১-এর যৌথ সভাপতি ও অস্ট্রেলিয়ার জলবায়ুমন্ত্রী ক্রিস বোয়েনও বিদ্যমান নিয়মের সীমাবদ্ধতার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, কপ সম্মেলন প্রতিষ্ঠার সময় সর্বসম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার নিয়ম চালু করা হয়েছিল। কিন্তু সেই নিয়ম পরিবর্তন করতেও আবার সর্বসম্মতি প্রয়োজন হওয়ায় এটি বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। এবারের সম্মেলনে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছিল বলেও জানান তিনি।
জাতিসংঘের জলবায়ু বিষয়ক প্রধান আলোচক সাইমন স্টিয়েল অবশ্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতির পক্ষে যুক্তি দিয়েছেন। তাঁর মতে, এই পদ্ধতি ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এর ফলে শতাব্দীর শেষ নাগাদ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির পূর্বাভাস প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে ২ দশমিক ৬ ডিগ্রিতে নেমে এসেছে। তবে কপ৩১-এর সমাপ্তিতে তিনিও স্বীকার করেছেন, আনতালিয়ায় এই পদ্ধতি প্রত্যাশিত ফল দিতে পারেনি।
স্টিয়েল জানিয়েছেন, জাতিসংঘের জলবায়ু কনভেনশনের আওতায় সম্ভাব্য সংস্কারের বিভিন্ন দিক পর্যালোচনার জন্য তিনি একটি প্রক্রিয়া এগিয়ে নিচ্ছেন। এ ক্ষেত্রে বাইরের বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
জার্মানির পটসডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চের পরিচালক জোহান রকস্ট্রম মনে করেন, কপ সম্মেলনের লক্ষ্য শুধু প্রতিশ্রুতি ও অঙ্গীকার নিয়ে আলোচনা করা হওয়া উচিত নয়। বরং দেশগুলো আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলোর বাস্তবায়ন ও জবাবদিহি নিশ্চিত করার দিকে বেশি গুরুত্ব দিতে হবে।
এদিকে, বেসরকারি সংস্থা শিফটিং অ্যাডভোকেসির সহপ্রতিষ্ঠাতা টোবিয়াস হোলে মনে করেন, কপ৩১ এবং আগের সম্মেলনগুলোর ব্যর্থতা প্রমাণ করছে, বর্তমান প্রক্রিয়া আর যথাযথভাবে কাজ করছে না। তাঁর মতে, অধিকাংশ দেশ অগ্রগতির পক্ষে থাকলেও কয়েকটি দেশের আপত্তিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে যাচ্ছে। তাই জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে কাঠামোগত সংস্কার প্রয়োজন।
সম্মেলন চলাকালে পানামাও সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি পরিবর্তনের দাবি তোলে। কপ সম্মেলনের যৌথ সভাপতিদের কাছে পাঠানো এক খোলা চিঠিতে দেশটি জানায়, সর্বসম্মতির পরিবর্তে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার পথ তৈরি করতে হবে। এ বিষয়ে আলোচনায় কোনো আপস করতে রাজি নয় বলেও জানায় দেশটি।
তবে সর্বসম্মতির নিয়ম বাতিলের বিষয়ে ভিন্নমতও রয়েছে। ভারতের সেন্টার ফর স্টাডি অব সায়েন্স, টেকনোলজি অ্যান্ড পলিসির প্রধান গবেষক ইন্দু কে মূর্তি মনে করেন, জলবায়ু আলোচনায় সর্বসম্মতি ও বহুপক্ষীয় সহযোগিতা এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংখ্যাগরিষ্ঠ ভোটে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হলেও যেসব দেশ সেই সিদ্ধান্তের বিরোধিতা করবে, তাদের দিয়ে বাস্তবে কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ বাস্তবায়ন করানো কঠিন হবে। এমনকি বারবার ভোটে পরাজিত হলে দেশগুলো সম্মেলন থেকে সরে যাওয়ার ঝুঁকিও রয়েছে।
তাঁর মতে, সর্বসম্মতির নিয়ম প্রতিটি দেশের মতামত ও অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ছোট ও দুর্বল দেশগুলোর স্বার্থ সুরক্ষায় এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ। তাই ভোট পদ্ধতি পরিবর্তনের বিতর্কে না জড়িয়ে সিদ্ধান্ত বাস্তবায়নের গতি বাড়ানো এবং জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
উল্লেখ্য, নির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় শেষ হওয়ার কথা থাকলেও কপ৩১-এর আলোচনা গড়ায় রোববার পর্যন্ত। এর মধ্য দিয়ে এটি জাতিসংঘের ইতিহাসে দীর্ঘতম জলবায়ু সম্মেলনে পরিণত হয়। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো, পানামা, বেলিজ, ভানুয়াতু, যুক্তরাজ্য, মার্শাল দ্বীপপুঞ্জ ও নরওয়েসহ কয়েকটি দেশ চূড়ান্ত প্রস্তাবে আনুষ্ঠানিক আপত্তি জানায়। ফলে প্রস্তাবিত চুক্তিটি অনুমোদন করা সম্ভব হয়নি।
অন্যদিকে, চীন, ভারতসহ বেশ কয়েকটি উন্নয়নশীল দেশ আনুষ্ঠানিকভাবে আপত্তি না জানালেও চুক্তি ব্যর্থ হওয়ায় হতাশা প্রকাশ করে। ঘানার প্রতিনিধিদল জানায়, আফ্রিকা সব সময় বহুপক্ষীয় সহযোগিতা ও ঐকমত্যের ভিত্তিতে কাজ করাকে গুরুত্ব দিয়ে এসেছে।
কপ৩১-এর এই ব্যর্থতা তাই শুধু একটি চুক্তি না হওয়ার ঘটনা নয়; বরং বৈশ্বিক জলবায়ু আলোচনার ভবিষ্যৎ কাঠামো, সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের সক্ষমতা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।